পাউরুটি-দুধে না, ওজন কম রেখেও শক্তি বাড়াতে ব্রেকফাস্টে কী খান মীরাবাই চানু?
মীরাবাই চানু ব্রেকফাস্টে কী খান?
ওজন নিয়ন্ত্রণে রাখতে তাঁকে কড়া ডায়েট মেনে চলতে হয় মীরাবাই চানুকে। পাউরুটি – দুধ খেতে পারেন না তিনি। বদলে তিন বিশেষ খাবার খান ভারতীয় এই ওয়েটলিফটার। প্রোটিন, ফাইবার, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদানে সমৃদ্ধ খাবার প্রয়োজন হয় তাঁর। যা পেশির স্বাস্থ্য বজায় রাখে, দীর্ঘক্ষণ পেট ভরা রাখে আবার শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করতে পারে।
যা যা জানবেন
-
মীরাবাই চানুর Breakfast Diet-এ কী কী থাকে?
-
কেন দুধ-পাউরুটি খেতে পারেন না তিনি?
-
ওজন নিয়ন্ত্রণের জন্য কী করেন তিনি?
-
কেমন হয় তাঁর ডায়েট প্ল্যান?
অবশেষে এশিয়ান গেমসে পদক পেলেন সাইকম মীরাবাই চানু। বুধবার নাগোয়ায় মহিলাদের ভারত্তোলনে ৪৯ কেজির বিভাগে রপো পেয়েছেন মণিপুরের মেয়ে মীরা। ভারত্তোলনের দীর্ঘ কেরিয়ারে এই প্রথম এশিয়ান গেমসে কোনও পদক পেলেন তিনি। একই সঙ্গে কাটল এশিয়ান গেমসে ভারোত্তোলনে ভারতের ২৮ বছরের খরাও। এ দিন মোট ১৯৮ কেজি ওজন তোলেন মীরা। কী খেয়ে এত ফিট থাকেন তিনি?
ভারোত্তোলনের ক্ষেত্রে ফিটনেস ও শক্তি বাড়ানোর প্রশিক্ষণের পাশাপাশিই প্রয়োজন হয় সুষম ডায়েটের। তবে তার জন্য কি অনেক কিছু খেতে হয়? সেটাই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মীরা। ‘দ্য লাল্লানটপ’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সবাই মনে করেন, ভারোত্তোলকরা অনেক বেশি খান। কিন্তু আমরা এত খাই না… কারণ ওজন নিয়ন্ত্রণে রাখতে হয়।’
মীরা জানান, অ্যাথলিটদের জন্য থাকে কড়া ডায়েট প্ল্যান, যাতে অপ্রয়োজনীয় ওজন না বাড়ে। তিনি বলেন, ‘সব খেলোয়াড়ের ডায়েট আলাদা হয়। বক্সারদের এক রকম, অ্যাথলিটদের অন্য রকম।’
নিজের ডায়েট সম্পর্কে বলতে গিয়েও তিনি জানান, ‘আমি ব্রেকফাস্টে সেদ্ধ ডিম, সেদ্ধ ছোলা, সেদ্ধ মাশরুম খাই…আমরা পাউরুটিও খেতে পারি না, দুধও খেতে পারি না, কারণ ওজন নিয়ন্ত্রণে রাখতে হয়।’
মীরাবাই চানুর ডায়েটে থাকা এই তিন খাবার— সেদ্ধ ডিম, ছোলা এবং মাশরুম, শরীরের জন্যও বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করে। কী গুণ এই ৩ খাবারের?
সেদ্ধ ডিমের উপকারিতা
-
সেদ্ধ ডিম প্রোটিনের ভালো উৎস, যা পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।
-
ক্যালোরির পরিমাণও তুলনামূলক কম। ওজন নিয়ন্ত্রণ ও ক্যালোরি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটি উপকারী।
-
ডিমে থাকা ভিটামিন B, কোলিন এবং স্বাস্থ্যকর ফ্যাট মস্তিষ্ক ও হৃদযন্ত্রের জন্য ভালো।
-
ডিমের প্রোটিন পেশির ভালো রাখতে সাহায্য করে, বয়স বাড়ার সঙ্গে পেশির ক্ষয় প্রতিরোধেও উপকারী।
-
এ ছাড়া রয়েছে Lutein ও Zeaxanthin-এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট। যা ছানি ও বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশনের মতো চোখের সমস্যা থেকে সুরক্ষায় সাহায্য করতে পারে।
সেদ্ধ ছোলার উপকারিতা
-
ছোলায় আছে প্রচুর পরিমাণে উদ্ভিজ্জ প্রোটিন ও ডায়েটারি ফাইবার। এই দুই উপাদান দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, পেশির স্বাস্থ্যের জন্য উপকারী। হজমশক্তি স্বাভাবিক রাখতে সাহায্য করে।
-
ছোলার গ্লাইসেমিক ইনডেক্স কম, ফলে এটি ধীরে ধীরে শক্তি সরবরাহ করে এবং রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে সহায়ক।
-
প্রোটিন ও জটিল কার্বোহাইড্রেটের সমন্বয় ছোলা, পুষ্টিকর ব্রেকফাস্ট হিসেবে উপযোগী। সেদ্ধ ছোলার সঙ্গে কুঁচনো পেঁয়াজ, শসা, নুন, গোলমরিচ ও লেবুর রস মিশিয়ে এক বাটি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট তৈরি করা যায়।
মাশরুমের উপকারিতা
-
মাশরুম কম ক্যালোরিযুক্ত অথচ পুষ্টিতে সমৃদ্ধ। এতে থাকে ভিটামিন বি। রাইবোফ্লাভিন, নিয়াসিন ও প্যান্টোথেনিক অ্যাসিডের পাশাপাশি সেলেনিয়াম, কপার, পটাশিয়াম ও ফসফরাস। এই পুষ্টি উপাদানগুলি শরীরে শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
-
মাশরুমে এমন কিছু অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে, যা শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কমনওয়েলথ গেমস ২০২৬-এ ইতিহাস তৈরি করে ভারতকে সোনা এনে দিয়েছিলেন মীরা। ৩১ বছর বয়সি এই অ্যাথলিট তাঁর নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের জন্য পরিচিত। এর আগে ২০১৮ সালের গোল্ড কোস্ট এবং ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন তিনি। ২০১৭ সালের বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপেও তাঁর ঝুলিতে রয়েছে সোনার পদক।
FAQ
মীরাবাই চানু ব্রেকফাস্টে কী খান?
মীরাবাই চানু এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি ব্রেকফাস্টে সেদ্ধ ডিম, সেদ্ধ ছোলা এবং সেদ্ধ মাশরুম খান।
সেদ্ধ ডিম খাওয়ার কী উপকার?
সেদ্ধ ডিম প্রোটিনের ভালো উৎস। এটি পেশির স্বাস্থ্য বজায় রাখতে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করতে পারে। এতে কোলিন, ভিটামিন B12 ও অন্যান্য পুষ্টিও রয়েছে।
সেদ্ধ ছোলা কি স্বাস্থ্যকর ব্রেকফাস্ট?
হ্যাঁ। সেদ্ধ ছোলায় উদ্ভিজ্জ প্রোটিন ও ডায়েটারি ফাইবার থাকে। ফলে এটি পেট ভরা রাখতে, হজমে সাহায্য করতে এবং ধীরে ধীরে শক্তি জোগাতে পারে।
মাশরুমে কী কী পুষ্টি থাকে?
মাশরুমে B ভিটামিন, সেলেনিয়াম, কপার, পটাশিয়াম ও ফসফরাসের মতো পুষ্টি উপাদান রয়েছে। এছাড়াও এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
ওজন নিয়ন্ত্রণে রাখতে কি পাউরুটি ও দুধ খাওয়া যায় না?
মীরাবাই চানু নিজের অ্যাথলেটিক ডায়েট সম্পর্কে বলেছিলেন যে ওজন নিয়ন্ত্রণের কারণে তিনি পাউরুটি ও দুধ এড়িয়ে চলতেন। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে কোন খাবার খাবেন বা এড়াবেন, তা ব্যক্তিগত পুষ্টির প্রয়োজনের উপর নির্ভর করে।