Bigg Boss Bangla: বিগ বসের ঘরে সৃজলার চোট, বিতর্কের মাঝেই মুখ খুলল নন্দিনীর টিম | Bigg Boss Bangla: Nandini Dutta’s Team Issues Official Statement After Srijla Guha’s Injury Controversy
বিগ বস বাংলার অন্দরমহলে ক্যাপ্টেনসির টাস্ক ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা আপাতত টক অফ দ্য টাউন। ঘোড়ায় চড়ার টাস্ক চলাকালীন নন্দিনী দত্তের ধাক্কায় ঘোড়া থেকে ছিটকে পড়ে যান সৃজলা গুহ। যন্ত্রণায় কেঁদে ওঠেন অভিনেত্রী। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুলল নন্দিনীর টিম।
নেটপাড়ায় যখন নন্দিনীর তীব্র সমালোচনা চলছে, ঠিক সেই সময়ই ড্যামেজ কন্ট্রোলে নামে তাঁর জনসংযোগকারী দল। সোশাল মিডিয়ায় সরাসরি একটি বিবৃতি প্রকাশ করে তাঁরা নন্দিনীর মানসিক অবস্থার কথা তুলে ধরেন। স্পষ্ট জানানো হয়েছে, এই ঘটনায় নন্দিনী নিজেও মানসিকভাবে বিধ্বস্ত এবং তিনি কাউকে ইচ্ছে করে আঘাত করতে চাননি।
নন্দিনীর টিমের তরফে ঠিক কী বলা হয়েছে?
বিবৃতিতে তাঁরা লিখেছেন, “খেলার মাঝখানে ঘটা এটি নিছকই একটি মুহূর্ত মাত্র। এমন কিছু ঘটানোর কোনও ইচ্ছাই নন্দিনীর ছিল না। একটি কাজ কীভাবে এমন রূপ নিতে পারে, সেই ধারণাও তার ছিল না। কাউকে আঘাত করার ইচ্ছা তার কখনওই ছিল না, আর যা ঘটেছে তার জন্য সে সত্যিই দুঃখিত।”
ভক্তদের কাছে আবেগঘন আবেদন জানিয়ে টিমের তরফ থেকে আরও লেখা হয়েছে, “ভুল হয়েছে, তবে কখনও ইচ্ছে করে সে এমনটা করেনি। নন্দিনীর মন খুব খারাপ, আমরা দেখতে পাচ্ছি ঘটনাটি তাকে কতটা প্রভাবিত করেছে। আমরা শুধু এটুকুই আশা করি যে সৃজলা ঠিক আছে। কখনও কখনও গেমের উত্তেজনায় ভুল হয়ে যায়। আসল মানুষটা যেমন, আমরা সেটাই দেখতে পাচ্ছি। দয়া করে ওঁর পাশে দাঁড়ান, ওঁকে বুঝুন এবং এই যাত্রায় ওঁর পাশে থাকুন।”
উল্লেখ্য, ঘটনার পর সৃজলার টিমের তরফ থেকে অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। তাঁরা স্পষ্ট জানিয়েছিলেন যে, গেম স্ট্র্যাটেজির নামে কারও শারীরিক ক্ষতি করা সমর্থনযোগ্য নয়। সৃজলার অ্যালার্জির বিষয়টি উল্লেখ করে তাঁরা এও জানিয়েছেন যে, “আমরা কারও কোনও ক্ষমা গ্রহণ করছি না।”
টেলিভিশন দুনিয়ার একাধিক তারকা এই ঘটনায় সৃজলার পাশে দাঁড়িয়েছেন। দুই পক্ষের এই কাদা ছোঁড়াছুঁড়ির মধ্যে আপাতত স্বস্তির খবর এটাই যে, সৃজলার কোনও গুরুতর চোট লাগেনি। তবে উইকেন্ডের এপিসোডে এই ঘটনা নিয়ে বিগ বস বা সঞ্চালক ঠিক কী পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার।