পশ্চিম অস্ট্রেলিয়ায় ভারতীয় চলচ্চিত্র উদযাপন, কবে থেকে শুরু ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ পারথ’?
‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ পারথ’। যে উৎসবের মাধ্যমেই ভারতীয় চলচ্চিত্রের এক নয়া জার্নি শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার পশ্চিমাংশে। আগামী ১২ থেকে ১৫ নভেম্বর পারথ শহরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে এই ফেস্টিভ্যাল। ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’ (IFFM) এবং ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ সিডনি’ (IFFS)-এর আয়োজক দল, যাঁরা অস্ট্রেলিয়ায় ভারতীয় চলচ্চিত্র উদযাপনের জন্য সুপ্রতিষ্ঠিত, তাঁরাই পারথে এই ফেস্টিভ্যালের আয়োজন করছেন।
প্রথম বার অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলে দর্শকদের সামনে ভারতীয় ও দক্ষিণ এশীয় চলচ্চিত্রের বৈচিত্র্য তুলে ধরা হবে। রজার কুকের ভারত সফরের সময়েই এই বিশেষ ঘোষণাটি করা হয়েছিল। তিনি তাঁর বক্তৃতায় এই উৎসবের কথা ঘোষণা করেছেন এবং ভারত ও পশ্চিম অস্ট্রেলিয়ার মধ্যে সাংস্কৃতিক ও সৃজনশীল সম্পর্ক বৃদ্ধির দিকেও নজর দিয়েছেন।
এই ফেস্টিভ্যালে ভারতীয় ও দক্ষিণ এশীয় ভাষার ৩০টিরও বেশি সিনেমা দেখানো হবে। যা দর্শকদের সমগ্র উপমহাদশের বিভিন্ন গল্প ও চলচ্চিত্র নির্মাতাদের কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেবে।
রজার কুক বলেন, ‘আমি ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ পারথ’-এর প্রথম সংস্করণ ঘোষণা করতে পেরে আমি ভীষণই আনন্দিত। যা চলতি বছরের ১২ থেকে ১৫ নভেম্বর পারথের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে। এই উৎসবে ভারতীয় ও দক্ষিণ এশীয় ভাষার ৩০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ ছাড়াও, এই অনুষ্ঠানে ভারতের কয়েকজন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাকেও আমন্ত্রণ জানানো হবে। যাঁরা পারথ ফিল্ম স্টুডিয়ো পরিদর্শন করবেন।’
‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন’ এবং ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ সিডনি’-র অন্যতম আয়োজক মিতু ভৌমিক ল্যাঙ্গে বলেন, ‘আমরা প্রথম পারথে ভারতীয় চলচ্চিত্র নিয়ে আসতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। পশ্চিম অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য ভারতীয় ও দক্ষিণ এশীয় চলচ্চিত্রের অবিশ্বাস্য বৈচিত্র্য উপভোগ করার মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারাটা দারুণ ব্যাপার। চলচ্চিত্রের পাশাপাশি আমরা আশা করি, এই উৎসব চলচ্চিত্র নির্মাতা, দর্শক এবং ভারত ও পশ্চিম অস্ট্রেলিয়ার মধ্যে নতুন সাংস্কৃতিক পথ তৈরি করবে।’