পুজোর মুখে অন্নপূর্ণার টাকা না পেয়ে বিক্ষোভ দুই জেলায়
মহিলাদের অভিযোগ, চার মাস পেরিয়ে গেলেও তাঁদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়েনি। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও বিডিও দপ্তরে বার বার যোগাযোগ করা হলেও, সমস্যার সমাধান হয়নি বলে তাঁদের দাবি। বিক্ষোভকারী আসিমা সানা বলেন, ‘চার মাস ধরে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আমরা পঞ্চায়েত অফিস থেকে বিডিও অফিসে বার বার গেলেও, কেউ আমাদের কথা শোনেননি।’ ব্লক প্রশাসন সূত্রে জানানো হয়েছে, যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা যাঁরা পাননি, তাঁদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ঘটনার পরে উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজার বাড়ির সামনে বিক্ষোভ দেখান মহিলারা। অন্য দিকে, উলুবেড়িয়া এসডিও, উলুবেড়িয়া এক নম্বর ব্লকের বিডিও অফিসে অনুরূপ বিক্ষোভের ঘটনা ঘটেছে।