জাপানের বিরুদ্ধেও ০ রানে আউট! টি-টোয়েন্টিতে লজ্জার নজির অভিষেক শর্মার - 24 Ghanta Bangla News
Home

জাপানের বিরুদ্ধেও ০ রানে আউট! টি-টোয়েন্টিতে লজ্জার নজির অভিষেক শর্মার

Spread the love

জাপানের বিরুদ্ধে ম্যাচে ভারত প্রথমে ব্যাটিং করলে কত রান তুলবে তা নিয়ে চলছিল চর্চা। কিন্তু ধারে-ভারে পিছিয়ে থাকা সেই জাপানের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়ে ভারত। আর এই ব্যর্থতার পরে সবচেয়ে বেশি চর্চা চলছে অভিষেক শর্মাকে নিয়ে। ঐতিহাসিক এই ম্যাচে বড় রানের প্রত্যাশা ছিল অভিষেক শর্মাকে ঘিরে। কিন্তু ক্রিজ়ে টিকতেই পারলেন না অভিষেক। জাপানের বিরুদ্ধে ম্যাচে প্রথম বলেই শূন্য রানে আউট হলেন। এর ফলে গড়ে ফেললেন এক লজ্জার রেকর্ড। ২০২৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ১০ বার শূন্য রানে আউট হলেন তিনি। ফলে এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি বার কুড়ি ওভারের ফরম্যাটে খালি হাতে ফেরার নজির গড়লেন অভিষেক।

কী ভাবে আউট হয়েছিলেন অভিষেক?

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভার সংখ্যা কমে দাঁড়ায় পাঁচ। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথম ওভারের ষষ্ঠ বলে স্ট্রাইক পান অভিষেক। কিন্তু চার্লি হারা-হিনজের বলে বড় শট খেলতে যান তিনি। ব্যাটের উপরের অংশে লেগে বল উঠে যায়। পিছন দিকে দৌড়ে দুর্দান্ত ক্যাচ নেন শোমা সুগায়া-স্লেটার। গোল্ডেন ডাক হয়ে ফেরেন তিনি।

এক বছরে ১০ বার ডাক, লজ্জার রেকর্ড অভিষেকের

জাপানের বিরুদ্ধে ম্যাচের পরে অবাঞ্ছিত লিস্টে নাম জুড়ল অভিষেকের। ২০২৬ সালে সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১০ বার শূন্য রানে ফিরলেন অভিষেক। এক ক্যালেন্ডার ইয়ারে এর আগে কোনও ক্রিকেটার টি-২০তে এতবার খালি হাতে ফেরেননি। এই তালিকায় অভিষেকের পরেই রয়েছেন রশিদ খান। ২০১৯ সালে ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ন’বার শূন্য রানে ফিরেছিলেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও শূন্যের তালিকায় শীর্ষে

২০২৬ সালে ভারতের হয়ে এখনও পর্যন্ত ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন অভিষেক। এর মধ্যে সাতবার কোনও রান না করেই আউট হয়েছেন তিনি। কোনও ক্যালেন্ডার ইয়ারে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এর চেয়ে এটাই সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড। তবে এই তালিকায় অভিষেক এককভাবে শীর্ষে নন। রোয়ান্ডার অর্কিডে তুইসেঙ্গে ও জ্যাপি বিমেনিমানা এবং পাকিস্তানের সাইম আয়ুবও চলতি বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সাতবার শূন্য রানে আউট হয়েছেন।

২০২৬-এ ভারতের হয়ে কোন কোন ম্যাচে শূন্য করেছেন অভিষেক?

চলতি বছরের জানুয়ারিতে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়ে দু’বার শূন্য রানে আউট হয়েছিলেন অভিষেক। এর পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেও খাতা খুলতে পারেননি। ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এসেছিল তাঁর ২০২৬ সালের ষষ্ঠ ‘ডাক’। এ বার জাপানের বিরুদ্ধে সেই সংখ্যা বেড়ে হলো সাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *