Calcutta High Court: তহবিল মামলায় স্বস্তিতে মমতা তৃণমূল, প্রতীক ফ্রিজ হলেও অ্যাকাউন্ট ব্যবহারের বাধা নেই, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট | Calcutta High Court Allows Mamata Led TMC to Continue Using Bank Accounts Despite Election Symbol Freeze
কলকাতা: তৃণমূল তহবিল মামলায় স্বস্তিতে মমতা তৃণমূল। প্রতীক ফ্রিজ হলেও অ্যাকাউন্ট ব্যবহারে বাধা নেই। স্পষ্ট জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতির নির্দেশে ফের ধাক্কা ঋতব্রত শিবিরে। কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রতীক শুধু উপনির্বাচনের জন্য। তাই, আপাতত এটি কার্যকরী নয়, পর্যবেক্ষণ হাইকোর্টের বিচারপতির। তাই, আগের নির্দেশ অনুযায়ী অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে মমতা তৃণমূল।
কীভাবে অ্যাকাউন্ট ব্যবহারে করা যাবে, তাও জানিয়েছেন বিচারপতি সৌগত। তিনি জানিয়েছেন, মমতা তৃণমূলের অথরাইজড যে কোনও দু’জন তিনটি অ্যাকাউন্টের চেকে সই করতে পারবেন। বিশেষ অফিসার চেকে সই করবেন। তারপর ব্যাঙ্ক টাকা দেবে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি ভট্টাচার্য।
হাইকোর্টের শুনানিতে কী কী হল?
কালীঘাট তৃণমূলের আইনজীবী সোহেব আলম: কমিশন শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দায়বদ্ধ। প্রতীক কে পাবে সেটি নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন । নতুন প্রতীক পেয়েছে দুই দলই। কমিশন প্রতীক না দিলেও অ্যাকাউন্ট ব্যবহারে সমস্যা হবে না।
রাজ্যকে প্রশ্ন বিচারপতির, “প্রতীক-নাম বদলের পর রাজ্য হিসেবে আপনারা কী ব্যবস্থা করেছেন?
রাজদীপ মজুমদার, রাজ্যের এ এজি: তদন্ত চলছে। প্রতিটি অ্যাকাউন্টে অনেক টাকা আছে। একটিতে ২৫ কোটি টাকার বেশি আছে। মামলা খারিজ করা হোক। কারণ কমিশন প্রতীক কেড়ে নিয়েছে। তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিশেষ অফিসার মারফত ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল। সেটা বাতিল করা হোক। ওই অ্যাকাউন্টে যাঁরা সই করতেন, কমিশনের নির্দেশের পর তাঁদের সই করার অধিকার নেই।
বিচারপতি সৌগত ভট্টাচার্য: প্রতীক ফ্রিজ করা হয়েছে শুধুমাত্র উপনির্বাচনের জন্য। পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের।