Bigg Boss: কোন বিশেষ শর্তে বিগ বসে যেতে রাজি হন নোরা? | Nora fatehi reveals her masterplan and romance with prince narula in bigg boss 9 - 24 Ghanta Bangla News
Home

Bigg Boss: কোন বিশেষ শর্তে বিগ বসে যেতে রাজি হন নোরা? | Nora fatehi reveals her masterplan and romance with prince narula in bigg boss 9

Spread the love

গ্ল্যামার দুনিয়ায় টাকা আর জনপ্রিয়তার হাতছানি এড়িয়ে যাওয়া খুব মুশকিল। তবে নোরা ফতেহি (Nora Fatehi) কিন্তু শুরুতেই এই প্রলোভনে পা দেননি। রিয়্যালিটি শো তাঁর কখনওই পছন্দ ছিল না। তাই দেশের অন্যতম বড় শো ‘বিগ বস’-এর তরফ থেকে যখন ডাক আসে, মুখের ওপর সোজাসুজি ‘না’ বলে দিয়েছিলেন তিনি। অথচ, সেই নোরারই মত বদলাল কয়েক দিনের মধ্যে! শেষে বিগ বসের ঘরেও ঢুকলেন। কিন্তু কেন? কী এমন ম্যাজিক হল যে নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না তিনি? সম্প্রতি এক পডকাস্টে সেই অজানা গল্পই ফাঁস করলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি পডকাস্টে নোরা শোনালেন তাঁর সেই কঠিন সময়ের কথা। বিগ বস ৯-এ যাওয়ার আগে তিনি বেশ কয়েকটা মিউজিক ভিডিয়োয় কাজ করেছিলেন। কিন্তু কাজ তো শেষ, প্রাপ্য টাকা আর হাতে আসে না! দিনের পর দিন প্রযোজকদের সঙ্গে তাঁর রীতিমতো ঠান্ডা লড়াই চলছিল। নোরা জানান, হয়তো প্রযোজকরা এজেন্সিকে টাকা দিয়ে দিয়েছিলেন, কিন্তু তাঁর কাছে সেই টাকা পৌঁছতে অনেক দেরি হচ্ছিল। বারবার টাকার জন্য ঘোরানো হচ্ছিল তাঁকে। ঠিক সেই চরম হতাশার মুহূর্তেই বিগ বসের প্রস্তাব তাঁর কাছে আসে।

প্রথম দফায় তো বিগ বসের টিমের মুখের ওপর ‘না’ বলে দিয়েছিলেন। কিন্তু এরপর যখন শোয়ের নির্মাতারা তাঁকে পারিশ্রমিকের অঙ্কটা শোনালেন, তখন সব হিসেব বদলে যায়। নোরা বুঝতে পারেন, এমন একটা সুযোগ কোনও মতেই হাতছাড়া করা উচিত নয়। এমনিতেই আগের কাজের টাকা কোথায় যেন আটকে গিয়েছে, তার ওপর বিগ বসের অফার করা টাকার অঙ্কটা ছিল বেশ বড়। ফলে এই মোটা পারিশ্রমিকই তাঁর সিদ্ধান্ত বদলাতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল।

তবে শুধুই কি টাকা? নোরার মাথায় কিন্তু আরও একটা বুদ্ধি খেলে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন, বিগ বস এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে খুব সহজেই দেশের কোণায় কোণায় সাধারণ মানুষের কাছে পৌঁছনো যায়। তিনি জানতেন, যেহেতু তিনি ‘ওয়াইল্ড কার্ড’ (Wild Card) প্রতিযোগী হিসেবে যাচ্ছেন, তাই বেশিদিন হয়তো তাঁকে শোয়ের ভেতর থাকতে হবে না। কিন্তু ওই অল্প সময়ের প্রচারটাই তাঁর কেরিয়ারের জন্য অনেক বড় দরজা খুলে দিতে পারে।

কী শর্ত দেন তিনি?

অভিনেত্রীর কথায়, “রিয়্যালিটি শো খারাপ নয়। এটাও একটা মঞ্চ। বুদ্ধি করে ব্যবহার করতে পারলে খুব দ্রুত ঘরে ঘরে পরিচিতি পাওয়া যায়।” নোরার আসল লক্ষ্য ছিল অন্য। তিনি খুবই চাইতেন একই চ্যানেলের নাচের রিয়্যালিটি শো ‘ঝলক দিখলা যা’-তে যোগ দিতে। তাই নির্মাতাদের কাছে সটান শর্ত রাখেন তিনি। নোরা বলেন, “আমি ওঁদের বলেছিলাম, আমাকে ‘ঝলক’ দিতে হবে, তার বদলে আমি ‘বিগ বস’ করব।” নোরার এই মাস্টারস্ট্রোক কিন্তু দারুণ কাজে লেগেছিল! পরে সত্যিই তিনি তাঁর স্বপ্নের শো ‘ঝলক’-এ যোগ দেওয়ার সুযোগ পান।

কেরিয়ারের এই নিখুঁত হিসেবনিকেশের পাশাপাশি, ‘বিগ বস ৯’-এর ঘরে নোরার ব্যক্তিগত রসায়নও বেশ চর্চায় ছিল। শোয়ে থাকাকালীন প্রিন্স নারুলার সঙ্গে তাঁর বেশ ঘনিষ্ঠতা তৈরি হয়। দু’জনকে প্রায়ই একে অপরের সঙ্গে খুনসুটি করতে ও সময় কাটাতে দেখা যেত। এমনকি নোরাকে বিয়ের প্রস্তাবও দিয়ে বসেন প্রিন্স! তাঁকে আংটি ও ফুলও দিয়েছিলেন তিনি। নোরাকে ওই শোয়ে পাঠানোর জন্য বিগ বস নির্মাতাদের প্রতি প্রকাশ্যেই কৃতজ্ঞতা জানিয়েছিলেন প্রিন্স। সব মিলিয়ে নোরার বিগ বস যাত্রা আজও মনে রেখেছেন তাঁর ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *