সাফারি বন্ধই, বৃহত্তর জমি আন্দোলনের ভাবনায় বক্সা
বন দপ্তরের বিরুদ্ধে খামখেয়ালিপনার অভিযোগ তুলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতরে, বক্সা পাহাড় ও সংলগ্ন এলাকার কমপক্ষে কুড়িটি গ্রামের বাসিন্দারা ‘মহা গ্রামসভা’ গঠন করে বৃহত্তর আন্দোলনে নামার প্রস্তুতি শুরু করলেন। ওই বাসিন্দাদের দাবি, শনিবার ছিল প্রতীকী বিক্ষোভ। তাতেও যদি বন দপ্তরের ঘুম না–ভাঙে, তবে তার দায় সংশ্লিষ্ট মন্ত্রী ও রাজ্য প্রশাসনকেই নিতে হবে। এ ক্ষেত্রে সিঙ্গুর–নন্দীগ্রামের ধাঁচে ভূমিরক্ষা কমিটি গড়ার সম্ভাবনাও রয়েছে বলে সূত্রের খবর। ওই বৃহত্তর আন্দোলনে সামিল হতে পারেন কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার প্রতিবাদী। রবিবার বনজন শ্রমজীবী মঞ্চের আহ্বায়ক লাল সিং ভুজেল বলেন, ‘এখন তো আমাদের অস্তিত্বরক্ষার প্রশ্ন। যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন মানুষ যা করে, আমরাও তাই করতে বাধ্য হব। আমাদের পেটের ভাত জোগাড় হয় প্রকৃতির কোলে পর্যটন ব্যবসা দিয়ে। বাঘ আনার নাম করে যে ভাবে সুকৌশলে আমাদের পেটে লাথি মারার চেষ্টা শুরু হয়েছে, তা মানা যায় না।’