মেমারিতে সেচ ক্যানালে তলিয়ে মৃত্যু স্কুল পড়ুয়ার, দুর্ঘটনা কাঁসাই নদীতেও
স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, মেমারির ঘটনায় মৃত্যু হয়েছে জিসান খান (১৪)-এর। এই ঘটনা ঘটেছে মেমারি থানার নুদীপুর এলাকায় ডিভিসি সেচ ক্যানালের লক গেটের কাছে। সোমবার, স্কুল থেকে ফেরার পরে দুই বন্ধুর সঙ্গে ডিভিসি ক্যানালে স্নান করতে গিয়েছিল নুদীপুর ভূপেন্দ্র স্মৃতি বিদ্যামন্দিরের নবম শ্রেণির পড়ুয়া জিসান। সেই সময়েই জলে তলিয়ে যায় সে। সঙ্গে থাকা দুই বন্ধু কোনও রকমে উঠে আসে। তারাই বিষয়টি জানায় স্থানীয়দের। এর পরেই জলে নেমে জিসানের খোঁজ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর জিসানকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।