PM Narendra Modi: জুড়ে যাবে উত্তর-দক্ষিণ, বিহারে হাজার কোটি টাকার সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী – Bengali News | PM Narendra Modi ot Inaugurate Aunta–Simaria bridge on River Ganga in Bihar
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী Image Credit source: PTI
নয়াদিল্লি: শুক্রবার বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার আগে যাবেন বিহারে। এক রাজ্যে মেট্রো উদ্বোধন, অন্য রাজ্য়ে সেতু। নয়াদিল্লি সূত্রে জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ বিহারের মাঝে সাত দশক পুরনো জরাজীর্ণ সেতুর বিকল্প তৈরি করে দিয়েছে কেন্দ্র। যা উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে।
জাতীয় সড়ক ৩১-এর উপর দীর্ঘ ৮.১৫ কিলোমিটার আন্টা-সীমারিয়া সেতু প্রকল্প তৈরিতে মোট খরচ পড়েছে ১ হাজার ৮৭০ কোটি টাকা। যা জুড়ে দেবে বিহারের পটনা এবং বেগুসারাইকে।
এই সেতুরই একেবারে সমান্তরালে রয়েছে পুরনো ২ লেন বিশিষ্ট রেল-সেতুটি। নাম রাজেন্দ্র সেতু। কিন্তু সেটির এখন অনেক বয়স হয়েছে। সংস্কারের অভাবে দুর্বলও হয়ে পড়েছে। যার জেরে ভারী গাড়ি ওই পথে ‘নো-এন্ট্রি’। সংকীর্ণ সেতু হওয়ার কারণে এই পথে দৈনিক যান চলাচলেও পড়েছে বাধা। অধিকাংশ সময়ই থাকছে লম্বা যানজট। বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
তবে সেই সমস্যার দিন এখন শেষ। আগামিকালই বিহারবাসীকে নতুন সেতু ‘উপহার’ দিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। যা পুনরায় সহজ করে দেবে উত্তর ও দক্ষিণ বিহারের সংযোগকারী পথ। কমবে যানজট। ভারী গাড়িগুলিকে আর অন্য পথেও যেতে হবে না। বাঁচবে সময়। এই সেতুরই প্রায় ২ কিলোমিটার অংশ রয়েছে সরাসরি গঙ্গার উপরে।
অবশ্য, আগামিকাল প্রধানমন্ত্রীর হাত ধরে যে একটাই প্রকল্পের উদ্বোধন হবে, এমনটা নয়। পিআইবি সূত্রে জানা গিয়েছে, বিহারের বিদ্যুৎ পরিকাঠামোকেও আরও মজবুত করতে চলেছেন মোদী। উদ্বোধন হবে ‘বক্সার থার্মল পাওয়ার প্ল্যান্ট’। যা তৈরিতে মোট খরচ পড়েছে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকার অধিক। এছাড়াও পড়শি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নেও মুজাফ্ফরপুরে একটি ক্যানসার হাসপাতাল ও রিসার্চ সেন্টার উদ্বোধন করতে চলেছেন তিনি।
