বিমুখ নয়া প্রজন্ম, হারিয়ে যাবে ধনেখালির তাঁত?
প্রদীপ চক্রবর্তী, ধনেখালি
‘প্রত্যেক বার পুজো এলেই ধনেখালির তাঁতশিল্পীদের কথা মনে পড়ে আপনাদের। তারপর কাজ মিটলেই, সারা বছর আপনাদের আর আমাদের কথা মনে পড়ে না। তাই আমরাও আর আমাদের সমস্যার কথা আর কাউকে বলতে চাই না’-এক নিমেষেই কথাগুলি বলে গেলেন ধনেখালির কয়েকজন তাঁতশিল্পী। সংবাদমাধ্যমের প্রতি খানিকটা অনুযোগের সুরে বললেন, ‘ধনেখালির প্রসিদ্ধ তাঁতশিল্প এখন কোনওমতে টিকে আছে। বাজারে অত্যাধুনিক মেশিন ও সিন্থেটিক সুতোর রমরমার কারণে একের পর এক তাঁত গুটিয়ে রেখেছেন তত্ত্ববায় মানুষরা।’ ধনেখালির আলা, আলা, মামুদপুর, হারপুর, বৃন্দাবনপুর, ঘনরাজপুর, মির্জানগর, সমস্ত গ্রামের তাঁতিদের কথায়, ‘আমরা যারা যৌবনে তাঁতের মাকু ধরেছি, তারাই এখনও হস্তচালিত তাঁতকে বয়ে নিয়ে যাচ্ছি। নতুন প্রজম্মের কেউ আর আগ্রহ দেখাচ্ছে না। সেই কারণেই আস্তে আস্তে ধনেখালির তাঁতশিল্প হারিয়ে যেতে বসেছে।’