অফসাইডে গোলের অভিযোগ, বাগান ম্যাচের রিপ্লে চাইছে মহামেডান
এই সময়: কলকাতা লিগ শেষ হতেই শুরু হচ্ছে আইএফএ শিল্ড। কিন্তু শিল্ড শুরুর আগে আচমকাই জট। কলকাতা লিগে অফসাইডে গোল করেে জিতেছে মোহনবাগান, এই অভিযোগ তুলে আইএফএ–তে চিঠি পাঠিয়েছে মহামেডান। শিল্ডে না খেলার হুমকিও দিয়েছে। এই নিয়ে আজ মহামেডান কর্তাদের ডেকে পাঠিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।
সায়ন বন্দ্যোপাধ্যায়ের গোল লিগ জেতে মোহনবাগান। এই গোলটি অফসাইডে হয়েছে বলে প্রবল আপত্তি জানিয়েছেন মহামেডান কর্তারা। এই গোল বাতিল হলে লিগের অঙ্ক বদলে যেতে পারত। ২–২ ড্র হলে মোহনবাগান–মহামেডানের মধ্যে কেউই চ্যাম্পিয়ন হতো না। তখন ঘরের মাঠে কোল ইন্ডিয়াকে ৭–০ গোলে হারানো ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যেত।
আপত দৃষ্টিতে সায়নের এই গোল নিয়ে কিছুটা সংশয় থাকলেও মাঠে রেফারির সিদ্ধান্তকেই চূড়ান্ত ধরা হয়। আইএফএ কমিটির সামনে মহামেডানের প্রতিবাদ এবং গোলের ভিডিয়ো রাখবে। সেখানে যদি দেখা যায়, গোলটি অফসাইডে হয়েছে, তা হলে সহকারি রেফারি শাস্তি পেতে পারেন। কিন্তু কোনওভাবেই ম্যাচের ফলাফল বদলাবে না।
তার পরেও যদি মহামেডান শিল্ডে না খেলে, তা হলে কী হবে? জানা যাচ্ছে, এক্ষেত্রে শিল্ডে মহামেডানের বদলে ঢুকে যেতে পারে লিগে ভালো খেলা ভবানীপুর বা ইউনাইটেড। তাদের সঙ্গে একপ্রস্থ কথাও নাকি হয়ে রয়েছে।
এরই মাঝে ইস্টবেঙ্গল কোচ আন্তেনিও আবাসও চান না, তাঁর ছেলেরা শিল্ডে খেলুক। কারণ, সামনে এএফসির ম্যাচ রয়েছে। সেই ম্যাচ অনেক বেশি গুরুত্বপূর্ণ আবাসের কাছে। তবে এখন যা শোনা যাচ্ছে, পুরো শক্তির টিম না খেলিয়ে লিগের টিমই শিল্ডে খেলাবে ইস্টবেঙ্গল। বিদেশি খেলানোর ব্যাপারেও আপত্তি থাকবে। মোহনবাগানেরও সিনিয়র টিমের একাধিক ফুটবলার জাতীয় টিমে চলে গিয়েছেন। তারাও জুনিয়র–সিনিয়র মিলিয়ে টিম মাঠে নামাবে।
শিল্ডের ফাইনাল হবে ভারত–ব্রাজিল ম্যাচ এবং ভারত–উরুগুয়ে ম্যাচের মাঝে। তবে সল্টলেক স্টেডিয়ামে নয়। ফাইনাল হতে পারে বারাসত বা কল্যাণীতে। মোহনবাগান–ইস্টবেঙ্গলের ফাইনাল হলে শিল্ডের উত্তেজনা যে অনেক বেড়ে যাবে, সন্দেহ নেই।