৪ মাসে চার হাজারেরও বেশি নাবালিকা গর্ভবতী, বীরভূমের পরিসংখ্যান বাড়াচ্ছে উদ্বেগ
এই সময়, সিউড়ি: সরকার গঠনের পরে বাংলায় বাল্যবিবাহ ও নাবালিকা গর্ভবতী হওয়া রুখতে কড়া আইনি পদক্ষেপের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু বীরভূমে নাবালিকাদের গর্ভবতী হওয়ার চিত্র উদ্বেগজনক। পাশাপাশি হতাশাজনক বাল্যবিবাহ রোধের পরিসংখ্যানও। এই মুহূর্তে জেলায় প্রায় ৯৯ শতাংশ প্রাতিষ্ঠানিক প্রসব হচ্ছে। নাবালিকা গর্ভবতীর প্রশ্নে চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বীরভূম জেলার পরিসংখ্যান কপালের ভাঁজ রীতিমতো চওড়া করেছে।
জেলা স্তরে নাবালিকা গর্ভবতী হওয়া আটকাতে বা বাল্যবিবাহ রোধে, গ্রাম সংসদ থেকে জেলা স্তর পর্যন্ত শিশু সুরক্ষা কমিটি রয়েছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, সেই কমিটি থেকে গিয়েছে স্রেফ কাগজে–কলমেই। অথচ গ্রাম সংসদ স্তরে থাকা কমিটির ভূমিকা সবচেয়ে বেশি। যেখানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, ছাত্রছাত্রীদের থেকে প্রতিনিধিদের নিয়ে কমিটি রয়েছে। কিন্তু বাল্যবিবাহের খবর পেলেও পারিপার্শ্বিকতার চাপে কমিটি সক্রিয় হয় না বলে দাবি। ফলে বাল্যবিবাহের খবরই পৌঁছয় না।
অথচ নাবালিকা গর্ভবতীর সংখ্যায় সেই ব্লক শীর্ষে! যেমন দেখা গিয়েছে বীরভূমের মহম্মদবাজার ব্লকে। জেলা প্রশাসন সূত্রে খবর, গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত নাবালিকা বিবাহ আটকানো গেছে মাত্র একটি! এই ব্লকে গত চার মাসে নাবালিকা গর্ভবতীর সংখ্যা ২৭৫। এই ব্লকের মধ্যে পড়ে ডেউচা পাঁচামি। মহম্মদবাজার ব্লকের গর্ভবর্তী নাবালিকার বড় অংশই পাঁচামিতে। যেখানে কয়লাখনি গড়া নিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শিগগিরই ভবিষ্যৎ রূপরেখা ঘোষণা করবেন বলে জানিয়েছেন। সেখানে বাল্যবিবাহ রোধে ও নাবালিকা গর্ভবতী হওয়া আটকাতে তিনি কী পদক্ষেপ করেন, সেটাই দেখার।
স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, এই চার মাসে বীরভূমের মোট নাবালিকা গর্ভবতীর সংখ্যা ৪১৮১। শতাংশের বিচারে সরকারি ভাবে সমগ্র বীরভূম জেলায় নিবন্ধিত মোট গর্ভবতীর ১৮ শতাংশ নাবালিকা। এই চার মাসে জেলা শিশু সুরক্ষা দপ্তরের তরফ থেকে বাল্যবিবাহের খবর পেয়ে অভিযান চালানো হয়েছে ১১৪টি। বিয়ে রোধ করা গিয়েছে ১১৩টি। স্বাস্থ্য প্রশাসনের নিরিখে বীরভূমে রয়েছে দু’টি স্বাস্থ্য জেলা। সেগুলি হলো বীরভূম ও রামপুরহাট স্বাস্থ্য জেলা। বীরভূম স্বাস্থ্য জেলায় মোট নাবালিকা গর্ভবতীর সংখ্যা ১৯৩০। শীর্ষে মহম্মদবাজার। অন্য দিকে, রামপুরহাট স্বাস্থ্য জেলার নলহাটি–১ ও ২ ব্লক, মুরারই–১ ও ২ ব্লকে মোট গর্ভবতীর কুড়ি থেকে বাইশ শতাংশ নাবালিকা।
নামপ্রকাশে অনিচ্ছুক বীরভূম জেলা প্রশাসনের এক কর্তা বলেছেন, ‘কোনও ব্লক থেকে বাল্যবিবাহের খবরই এসে পৌঁছচ্ছে না। অথচ শতাংশের বিচারে নাবালিকা গর্ভবতীর সংখ্যায় সেই ব্লকই শীর্ষে।’ এ ব্যাপারে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শুভাশিস গড়াইয়ের মতে, ‘বাল্যবিবাহ রোধে আইন প্রয়োগের সদিচ্ছা ইদানীং চোখে পড়েছে, সেটা ভালো বিষয়। তবে আইন প্রয়োগ বা কয়েকটি সচেতনতার প্রচার অভিযান চালিয়ে এই সামাজিক সমস্যা দূর করা সম্ভব নয়। মূল কারণগুলির অনুসন্ধানে উদ্যোগ এবং সচেতনতার ক্ষেত্রে শারীরবিজ্ঞানের উপরে বেশি জোর দেওয়া প্রয়োজন।’
এক স্বাস্থ্য আধিকারিকের কথায়, ‘আইন ও আইনের প্রয়োগের প্রয়োজন। তবে তার থেকেও বেশি প্রয়োজন সামাজিক সচেতনতার।’ তাঁর মতে, আইন প্রয়োগে গ্রেপ্তারির সংখ্যা বাড়লে সব হবে না। উল্টে নেতিবাচক প্রভাবও পড়তে পারে। হয়তো দেখা যাবে, গর্ভবতী নাবালিকারা আর স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছে না! তাঁর সংযোজন, ‘আমাদের আশঙ্কা, গোপনে ঘরোয়া পদ্ধতিতে প্রসবের দিকে ফের ঝুঁকবেন তাঁরা। তা হবে আরও বিপজ্জনক।’