বিনামূল্যে খাওয়ার পরেই শুরু চিকিৎসা, ব্যতিক্রমী উদ্যোগ চিকিৎসকের - 24 Ghanta Bangla News
Home

বিনামূল্যে খাওয়ার পরেই শুরু চিকিৎসা, ব্যতিক্রমী উদ্যোগ চিকিৎসকের

Spread the love

চিকিৎসকের বিরুদ্ধে অনেক সময়েই ওঠে বিভিন্ন অভিযোগ। আগে থেকে ‘ফিজ’ না দিলে অনেক চিকিৎসকই নিজের চেম্বারে রোগী দেখেন না বলে অভিযোগ ওঠে। সেই সঙ্গে মাত্রারিক্ত ‘ফিজ’ নেওয়া হয় বলে অভিযোগ। তবে এর ব্যতিক্রম-ও আছে। কিন্তু চিকিৎসা শুরুর আগেই চিকিৎসক তাঁর চেম্বারে আসা রোগীদের বিনামূল্যে খাওয়াচ্ছেন এমন কথা শোনা যায় না। সেটাও আছে। আর সেটাই তাঁর কাছে চিকিৎসা করানোর শর্ত। আগে রোগীকে পেট পুরে খেতে হবে। তার পরেই তাঁর চিকিৎসা শুরু করবেন তিনি। সেই খাবারের ব্যবস্থাও করেন চিকিৎসক নিজেই।

এই চিত্র বাংলাদেশের চাঁদপুর জেলার হাজিপুরের কচুয়াবাজার এলাকার। এই উদ্যোগ নিয়েছেন চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন চিকিৎসক তারেক গোলাম মোস্তফা মজুমদার। ওই হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান ছিলেন গোলাম মোস্তফা মজুমদার। এখন অবসর নেওয়ার পরে কচুয়াবাজার এলাকায় চেম্বারে রোগী দেখেন তিনি।

তবে, তাঁর কাছে চিকিৎসা শুরুর আগে শর্ত আছে। সেই শর্ত পূরণ করার পরেই চিকিৎসা শুরু করেন গোলাম মোস্তফা। তাঁর শর্ত, চিকিৎসা শুরুর আগে পেট ভরে খেতে হবে রোগীকে। তাঁর বাড়িতেই এই খাবারের ব্যবস্থা করেন তিনি। এর জন্য কোনও মূল্য দিতে হয় না রোগী এবং রোগীর সঙ্গে আসা লোকজনদের। শুধু রোগীদের পেট ভরে খাওয়ানো নয়, অনেক সময়েই তাঁদের জন্য ওষুধের ব্যবস্থাও করে দেন ওই চিকিৎসক।

কেন এই মানবিক উদ্যোগ? তা জানিয়েছেন ওই চিকিৎসক নিজেই। তাঁর ছোটবেলা কেটেছে অভাব-অনটনের মধ্যে। যখন পড়াশোনা করেছেন তখন স্কুলের কাছে থাকা এক মুদি দোকানদার তাঁকে বিকেলে মুড়ি খেতে দিতেন। রাতে, সামান্য যে ভাত পেতেন তা দিয়েই পেট ভরত তাঁর। এখনও সেই দিনের কথা ভুলতে পারেননি তিনি। তাঁর উপলব্ধি, ‘পেটে ক্ষুধা নিয়ে কেউই রোগের সঠিক উপসম পান না।’ সেই কারণেই, নিজের অর্থ এবং সামর্থ্য নিয়ে রোগীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি।

গোলাম মোস্তফা বলেন, ‘দূর-দূরান্ত থেকে যারা আমার কাছে চিকিৎসার জন্য আসেন, দুপুরে তাঁরা ক্ষুধার্ত থাকেন। আমি যে টাকাটা পাই, সেটিই তাঁদের জন্য খরচ করি।’

এই চিকিৎসকের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চিকিৎসার জন্য আসা রোগীরা। তাঁরা বলেন, ‘আমরা এখানে চিকিৎসা তো পাচ্ছিই। তার সঙ্গে তিনি নিজের দায়িত্বে আমাদের খাওয়ার জন্য ব্যবস্থা করেছেন। ওষুধের জন্য টাকাও দেন। বর্তমান সময়ে এমন জিনিস দেখা যায় না।’ রোগীকে পেটভরে খাওয়ানোর পরে তাঁর চিকিৎসার ব্যবস্থা হচ্ছে এমন জিনিসও তাঁরা কোথাও দেখেননি বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *