অ্যাকাউন্টের গেরোয় চিত্তরঞ্জন, দুর্গাপুর থেকে বাঁকুড়ায় অন্য ছবি - 24 Ghanta Bangla News
Home

অ্যাকাউন্টের গেরোয় চিত্তরঞ্জন, দুর্গাপুর থেকে বাঁকুড়ায় অন্য ছবি

Spread the love

এই সময়: রাজ্য সরকার ঘোষিত পুজোর অনুদান পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রেলশহর চিত্তরঞ্জনের ১৪টি দুর্গাপুজো কমিটি। রেলকর্মীদের ঘনঘন বদলি ও অবসরগ্রহণের কারণে রেলশহরে স্থায়ী বাসিন্দা না-থাকায় এই পুজো কমিটিগুলির নামে নির্দিষ্ট কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। বিগত বছরগুলিতে কর্তাব্যক্তিদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে অনুদানের টাকা তোলা হলেও এ বার সরকারের তরফে পুজো কমিটির নিজস্ব অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এখানেই দেখা দিয়েছে সমস্যা।

চিত্তরঞ্জন এরিয়া সিক্স দুর্গাপুজো কমিটির সুদীপ্ত কুন্ডু বলেন, ‘আমাদের এলাকায় ১২০০ আবাসনের মধ্যে ৪২০ জনের চাঁদা আমরা পাব।’ একই ভাবে পাঁচের পল্লি পুজো কমিটির নেপাল চক্রবর্তীর বক্তব্য, ‘গত বছর পর্যন্ত কিন্তু আমরা সরকারি অনুদান পেয়েছিলাম। তবে কমিটির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকার বিষয়টি ছিল না। এ বার সেটা বাধ্যতামূলক করায় শুধু আমরা নই এখানকার কোনও পুজো কমিটি এই কারণেই অনুদান পাবে না।’ ৭৫ বছরে পা দেওয়া উত্তর সুন্দর পাহাড়ি পুজো কমিটির সম্পাদক অলক সিং জানান, অনুদান নিয়ে জটিলতা থাকলেও তাঁরা প্রতি আবাসন থেকে ১৬০০ টাকা চাঁদা তুলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাওয়া-দাওয়ার আয়োজন করছেন। এমনকী ঝিলপাহাড়ির মতো ছোট কলোনির পুজো কমিটিগুলোর জন্যও এই অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

অন্য দিকে, দুর্গাপুর ও বাঁকুড়ায় কিছু পুজো কমিটি স্বেচ্ছায় সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে। দুর্গাপুরের বিধাননগর গ্রুপ হাউজ়িং পুজো কমিটি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আবেদনে সাড়া দিয়ে অনুদান না-নেওয়ার ঘোষণা করেছে। কমিটির এক সদস্য বলেন, ‘আমাদের হাউজ়িংয়ে ৫৫৬টি পরিবার রয়েছে। তাদের চাঁদায় ভালো ভাবেই পুজো আয়োজিত হয়। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমরা অনুদান নেওয়ার জন্য আবেদন করছি না। অনুদানের টাকায় দ্রুত শহরের যে সব রাস্তা খারাপ আছে সেটা ঠিক করা হোক।’

একই ভাবে বাঁকুড়া শহরের অন্যতম বড় পুজো ইন্দারাগোড়া হরেশ্বরমেলা সর্বজনীন অনুদান না-নেওয়ার কথা থানায় লিখিত ভাবে জানিয়েছে। যদিও তারা বিদ্যুতের বিলে সরকারি ছাড় গ্রহণ করবেন। ১০-১২ লক্ষ টাকা বাজেটের এই পুজোর সম্পাদক রমেশ মুরারকা বলেন, ‘পুজো কমিটির সব সদস্য মিলে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এ বার আমরা সরকারি অনুদান নিচ্ছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *