Petrol Price: সরকারের প্রশংসা করতে গিয়ে পেট্রোলের দাম নিয়ে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী? | Sukanta Majumdar Praises Modi Government Over 7.8% GDP Growth - 24 Ghanta Bangla News
Home

Petrol Price: সরকারের প্রশংসা করতে গিয়ে পেট্রোলের দাম নিয়ে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী? | Sukanta Majumdar Praises Modi Government Over 7.8% GDP Growth

Spread the love

উত্তর ২৪ পরগনা: বিশ্বজুড়ে চলমান যুদ্ধাবস্থা এবং হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ থাকার মতো কঠিন পরিস্থিতিতেও ভারতের জিডিপি ৭.৮ শতাংশ বজায় রয়েছে। বেলঘরিয়া ফিডার রোডে আয়োজিত এক সভায় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এই সাফল্যের  প্রশংসা করতে গিয়ে টেনে আনেন ক্রমবর্ধমান তেলের দামের কথা।

এই প্রসঙ্গে কথা বলতে গিয়েই কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, “বাংলায় একটা কথা আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না। আজ নরেন্দ্র মোদীর জায়গায় কংগ্রেসের কোনও প্রধানমন্ত্রী থাকলে দেশে পেট্রোলের দাম ৫০০ টাকা ছুঁয়ে যেত।”
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। কিন্তু সুকান্তর দাবি, এই পরিস্থিতিতেই কেবল মাত্র মোদী সরকারের স্ট্র্যাটেজি নির্ধারণেই এই গোটা পরিস্থিতি আয়ত্তের মধ্যে রয়েছে।

আন্তর্জাতিক চাপ প্রসঙ্গে তাঁর বক্তব্য, ভারতের ওপর অনেকে শুল্ক ও নিষেধাজ্ঞা চাপিয়ে মাথা নত করানোর চেষ্টা করছে, কিন্তু মোদী সরকার কখনই কারও কাছে মাথা নত করবে না।

পাশাপাশি এদিনের সভা থেকে  বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে নম্রতার পাঠ দেন সুকান্ত। তিনি স্পষ্ট জানান, দলের কেউ নেতা বা মন্ত্রী নয়, সকলেই জনগণের ‘সেবক’। সাধারণ মানুষের কাছে গিয়ে তাঁদের পাশে থাকার নির্দেশ দিয়ে তিনি কড়া বার্তা দেন—কোনো ধরনের ‘দাদাগিরি’ বা ‘মস্তানি’ বিজেপি বরদাস্ত করবে না। জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করাই দলের মূল লক্ষ্য হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *