পুজোয় ওভারহেড আলো ব্যবহারে না, নজরদারি প্রশাসনের
এই সময়, হাওড়া: দুর্গাপুজোকে কেন্দ্র করে মণ্ডপসজ্জা থেকে আলোকসজ্জা, প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। পুজোর দিনগুলিতে শহরের রাস্তাঘাটে মানুষের ভিড়ের পাশাপাশি বাড়ে যানবাহনের চাপও। সেই কারণে এ বার আলোকসজ্জার ক্ষেত্রেও নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ। বিশেষ করে রাস্তার উপর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঝোলানো ওভারহেড লাইটিং বা গেটের মতো বড় আলোকসজ্জা না করার বিষয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তার উপর দিয়ে বড় আকারের ওভারহেড লাইটিং বসানো হলে, ঝড়-বৃষ্টি বা প্রবল হাওয়ার সময়ে তা ভেঙে পড়ে দুর্ঘটনার আশঙ্কা থাকে। পাশাপাশি, বড় গাড়ি, বিশেষ করে লরি চলাচলের ক্ষেত্রেও এই ধরনের আলোকসজ্জা ঝুঁকি তৈরি করতে পারে। ফলে, রাস্তার উপর এমন কোনও কাঠামো তৈরি করে আলোকসজ্জা করার অনুমতি দেওয়া হবে না বলে পুজো উদ্যোক্তাদের জানানো হচ্ছে।