চালু হতেই পিএম ফসল বিমা যোজনায় দ্বিতীয় স্থানে বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী - 24 Ghanta Bangla News
Home

চালু হতেই পিএম ফসল বিমা যোজনায় দ্বিতীয় স্থানে বাংলা, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

এই সময়: দেশের অন্য রাজ্যে চালু থাকলেও তৃণমূল সরকারের আমলে এ রাজ্যে চালু হয়নি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। সরকার বদলাতেই রেকর্ড সংখ্যক কৃষক নাম তুললেন এই প্রকল্পে। ৩২ লক্ষ কৃষককে এই বিমার আওতায় এনে সারা দেশে এই প্রকল্পে দ্বিতীয় স্থানে উঠে এল বাংলা। কৃষকদের প্রিমিয়ামের সিংহভাগ রাজ্য সরকার নিজের বাজেট থেকে বহন করছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা নিজে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দিতে বিমা সংস্থাগুলিকে অবিলম্বে মূল্যায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে কৃষকদের নাম নথিভুক্ত করা হয়েছে। বন্যাপীড়িত জেলাগুলিতেও কৃষকদের নাম উল্লেখযোগ্যভাবে নথিভুক্ত হয়েছে। পূর্ব মেদিনীপুরে ৭.২৩ লক্ষ কৃষক, পশ্চিম মেদিনীপুরে ৪.৭৩ লক্ষ কৃষক, হুগলিতে ১.৬৮ লক্ষ কৃষক, ঝাড়গ্রামে ৪২ হাজার কৃষক এই বিমা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। বিভিন্ন এলাকায় গত এক মাস ধরে নাম নথিভুক্ত করার জন্য শিবির করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, কৃষকদের খরচের বোঝা কমাতে প্রিমিয়ামের সিংহভাগ রাজ্য সরকার নিজের বাজেট থেকেই বহন করছে। এক হেক্টর (২.৫০ একর) পর্যন্ত জমির জন্য কৃষকদের দিতে হয়েছে মাত্র এক টাকার প্রতীকী মূল্য। এক থেকে দু’হেক্টর জমির মালিকদের কাছ থেকে একর প্রতি একশো টাকা নেওয়া হয়েছে। অন্য দিকে, অগস্ট মাসের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ পৌঁছে দিতে বিমা সংস্থাগুলিকে অবিলম্বে ‘মিড-সিজ়ন অ্যাডভার্সিটি’ মূল্যায়নের কথা বলা হয়েছে। এ ছাড়া ব্যাঙ্কগুলির মাধ্যমে ঋণগ্রহীতা কৃষকদের নথিভুক্ত করার শেষ সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

শুভেন্দু তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন পরিস্থিতিতে কৃষকদের পাশে দাঁড়ানোই সরকারের প্রধান অগ্রাধিকার। ২০১৯-২০২০ তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা প্রকল্পে কৃষকদের নথিভুক্তিকরণের প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। যার ফলে পশ্চিমবঙ্গের কৃষকেরা দীর্ঘদিন ন্যায্য সুরক্ষা থেকে বঞ্চিত ছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *