অ্যাভোকাডোর সমান গুণ নাসপাতিতেও! বাড়ির ব্যালকনিতেই কী ভাবে ফলাবেন এই গাছ?
অনেকেই মনে করেন, নাসপাতি গাছ ফলাতে বড় বাগান প্রয়োজন। কিন্তু সঠিক জাতের গাছ, বড় টব, পর্যাপ্ত রোদ এবং নিয়মিত পরিচর্যা থাকলে ছোট ছাদ বা ব্যালকনিতেও নাসপাতি গাছ বড় করা সম্ভব।
প্রথমেই বেছে নিন উপযুক্ত চারা
বাজার থেকে নাসপাতির বীজ এনে গাছ লাগানোর বদলে ভালো নার্সারি থেকে কলম বা ‘Grafted’, ‘low-chill’ জাতের চারা নিতে পারেন। কারণ বীজ থেকে তৈরি গাছে ফল আসতে অনেকটা সময় লাগতে পারে। এ ছাড়া ফলের গুণমান একই নাও হতে পারে।
কেমন টব লাগবে?
ব্যালকনিতে যাঁরা এই গাছ ফলাতে চাইছেন, তাঁদের ক্ষেত্রে ১৮-২৪ ইঞ্চির চওড়া টবে চারা লাগান। টবের নীচে একাধিক ‘drainage hole’ অবশ্যই থাকতে হবে। নাসপাতির শিকড়ে জল জমে গেলে খুব সহজে পচন ধরে যেতে পারে। তাই মাটির সঙ্গে জৈব সার, কম্পোস্ট এবং এমন উপাদান মেশান যাতে, মাটি ঝুরঝুরে থাকবে। অতিরিক্ত জলও সহজে বেরিয়ে যেতে পারে।
ব্যালকনিতে কোথায় গাছ রাখবেন?
নাসপাতি গাছের জন্য প্রতিদিন কমপক্ষে ৬ ঘণ্টা পর্যাপ্ত রোদ প্রয়োজন। তাই ব্যালকনির যে দিকে সবচেয়ে বেশি আলো ও বাতাস আসে, সেখানে টবটি রাখুন। খুব রোদে এই টব রাখবেন না। তাতে টবের মাটি দ্রুত শুকিয়ে যেতে পারে।
জল ও সার দেবেন কী ভাবে?
মাটির উপরিভাগ শুকিয়ে গেলে জল দিন। প্রতিদিন অল্প অল্প করে জল না দিয়ে প্রয়োজন অনুযায়ী ভালো ভাবে জল দিন। জল দেওয়ার সময়ে টবের উপরের মাটি হাত দিয়ে ধরে দেখে নিন। কেমন মাটি, কতটা শুকনো বা ভেজা রয়েছে তা দেখে নেওয়া জরুরি। গাছ যখন টবে লাগাবেন, তখন বেশি খুব বেশি সার দেবেন না। গাছ যত বড় হবে, সেই মতো জৈবসার, কম্পোস্ট মেশান মাটির সঙ্গে।