প্রত্যাহার-গ্রেপ্তার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি
সঞ্চিতার মনোনয়ন প্রত্যাহার নিয়ে তাঁর প্রতিবেশী বশিষ্ঠ দে বলছেন, ‘রাজনীতির খেলা বোঝা মুশকিল। ভোটে লড়াই করলে হয়তো কোনও সমস্যা হতো।’ স্থানীয় চা দোকানদার অমিয় দাস বলছেন, ‘কেন নাম তুলে নিলেন বলা মুশকিল। তবে দিদিমণি (সঞ্চিতা) মানুষের সঙ্গে থাকেন।’ টোটোচালক মহম্মদ ইসমাইলের কথায়, ‘নন্দীগ্রামে বিজেপির প্রভাব রয়েছে। দিদিমণি হেরে যাবেন। সেটা বুঝতে পেরে সরে গেলেন।’
আবু তাহের বহুদিনের রাজনীতিবিদ। তিনি যে কোন দিকে, মমতা–তৃণমূল নাকি বিদ্রোহী শিবির, তা স্পষ্ট নয়। তবে, সম্প্রতি অনেকটা চ্যালেঞ্জের ভঙ্গিতে মমতাকে উদ্দেশ করে তাঁকে বলতে শোনা গিয়েছিল, ২০২১–এর মতো, এ বারেও মমতা এসে দাঁড়াক নন্দীগ্রামে। সেই আবু তাহের শুক্রবার বলছেন, ‘নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের মৃত্যু হয়েছে। দলের শীর্ষ নেতারা কলকাতায় বসে ভোটের স্বপ্ন দেখছেন। সঞ্চিতা যা ভালো বুঝেছে, তাই করেছে।’ আর তৃণমূলের নন্দীগ্রাম ব্লক কোর কমিটির সদস্য মানিক সামন্ত–র কথায়, ‘দিদি (সঞ্চিতা) বিশ্বাসঘাতকতা করলেন।’