Arthritis care: বাবু হয়ে বসা কি উচিত? | Is Sitting Cross Legged Really Bad for Your Knees? Know the Truth - 24 Ghanta Bangla News
Home

Arthritis care: বাবু হয়ে বসা কি উচিত? | Is Sitting Cross Legged Really Bad for Your Knees? Know the Truth

Spread the love

বাঙালি আর বাবু হয়ে বসা যেন একে অপরের পরিপূরক। মেঝেতে বসে আড্ডা হোক বা জমিয়ে খাওয়া-দাওয়া, পা মুড়ে বসতে অনেকেই বেশ পছন্দ করেন। কিন্তু এই অভ্যাসের কারণে কি সত্যিই হাঁটুর বারোটা বাজছে? বিশেষজ্ঞরা বলছেন, বাবু হয়ে বসলেই যে হাঁটু পুরোপুরি নষ্ট হয়ে যাবে, এমনটা একেবারেই নয়। তবে ঘণ্টার পর ঘণ্টা একভাবে বসে থাকলে হাঁটু, কোমর এবং পিঠের ওপর মারাত্মক চাপ পড়ে। যাঁদের আগে থেকেই আর্থ্রাইটিস বা জয়েন্টের কোনও সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই অভ্যাস বড় বিপদ ডেকে আনতে পারে।

হাঁটুর ওপর ঠিক কতটা চাপ পড়ে?

পা মুড়ে বসার সময় হাঁটু অনেকটা ভাঁজ হয়ে থাকে। একজন সুস্থ মানুষের ক্ষেত্রে অল্প সময়ের জন্য এভাবে বসাটা সাধারণত চিন্তার বিষয় নয়। কিন্তু দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকলে হাঁটুতে আড়ষ্টভাব বা ব্যথা শুরু হতে পারে। যাঁদের আগে থেকেই হাঁটুর সমস্যা রয়েছে, তাঁদের কষ্ট অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

কোমর ও পিঠের ব্যথার অন্যতম কারণ

মেঝেতে বাবু হয়ে বসার সময় হাঁটুর সঙ্গে কোমরের জয়েন্টগুলিও একটি নির্দিষ্ট কোণে থাকে। যাঁদের কোমরে আড়ষ্টভাব রয়েছে, বেশি ক্ষণ এভাবে বসে থাকলে তাঁদের তীব্র ব্যথা হতে পারে। শুধু তাই নয়, পা মুড়ে বসার সময় অনেকেই নিজের অজান্তে সামনের দিকে ঝুঁকে পড়েন। সেই অবস্থায় স্মার্টফোন বা ল্যাপটপ ঘাঁটলে ঘাড়, কাঁধ ও কোমরের ওপর আরও বেশি চাপ পড়ে। তাই দীর্ঘক্ষণ একভাবে বসে না থেকে মাঝে মাঝেই বসার ভঙ্গি বদলানো ভীষণ জরুরি।

কখন সাবধান হবেন?

আর্থ্রাইটিস, কার্টিলেজের সমস্যা বা একটানা হাঁটু ব্যথা থাকলে মেঝেতে বেশি ক্ষণ পা মুড়ে বসা এড়িয়ে চলা উচিত। বসা থেকে ওঠার সময় কষ্ট হলে, সিঁড়ি দিয়ে ওঠার সময় ব্যথা হলে বা হাঁটু ফুলে গেলে তা কখনও অবহেলা করবেন না। দীর্ঘক্ষণ বসে থাকার বদলে নিয়ম করে বসার জায়গা পরিবর্তন করুন। প্রায় আধ ঘণ্টা অন্তর উঠে কয়েক মিনিট হাঁটাচলা করা খুব দরকার। তবে ব্যথা শুরু হওয়ার আগেই বসার ভঙ্গি বদলে নেওয়া সবচেয়ে ভালো।

তবে কি বাবু হয়ে বসা পুরোপুরি বন্ধ করতে হবে?

একেবারেই নয়। হাঁটু ও কোমর সুস্থ থাকলে কিছুক্ষণ পা মুড়ে বসলে যে হাঁটুর বড় কোনও ক্ষতি হবে, তা একেবারেই ভুল ধারণা। আসল কথা হল, একভাবে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকা চলবে না। অস্বস্তি হলে চেয়ারে বসুন বা পা ছড়িয়ে দিন।

হাঁটু ভালো রাখতে নিয়মিত হাঁটাচলা, পেশি মজবুত করার ব্যায়াম এবং শরীরের ওজন ঠিক রাখা খুব দরকার। একটানা হাঁটু ব্যথা বা হাঁটু ফুলে যাওয়ার মতো সমস্যা থাকলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *