'ভাইকে না দিয়ে মিষ্টি খেতে পারব না স্যর!', পড়ুয়ার উত্তরে চোখে জল শিক্ষকের - 24 Ghanta Bangla News
Home

'ভাইকে না দিয়ে মিষ্টি খেতে পারব না স্যর!', পড়ুয়ার উত্তরে চোখে জল শিক্ষকের

Spread the love

সুমন ঘোষ, সবং

মেলাল ওরা মেলাল!

একজন দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট জয়েন খান ফ্রি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী খুশি কর। অন্য জন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের আশাপুরা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির সুরজিৎ হাজরা। বৃহস্পতিবার দুপুরে রাজ্যের দু’প্রান্তের দু’টি জনপদের প্রায় ১৬৪ কিলোমিটার দূরত্ব মুছে বেঁচে রইল নিখাদ ভালোবাসা আর আবেগ।

সম্প্রতি জয়েন খান স্কুলের পড়ুয়ারা ‘স্যর’-এর কাছে নালিশ করেছিল, সকলে মিড-ডে মিলের ডিম খেলেও খুশি খায়নি। শিক্ষক জানতে চান, ‘তোর ভাগের ডিম কই?’ হাসির সহাস্য জবাব ছিল, ‘ডিম তো আমার পকোটে গো ছার! আমি তো রোজই খাই। এটা আজ বাড়ি নিয়ে যাব। ভাই অন্তত একদিন খাক!’

এ দিন সেই একই দৃশ্যের সাক্ষী থাকল আশাপুরা স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ‌ন্মদিন উপলক্ষে আশাপুরা স্কুলেও ছানাপোড়া বিতরণ করা হয়েছিল। অন্যরা মহানন্দে খেলেও খায়নি শুধু সুরজিৎ। টিফিনের পরে দ্বিতীয় শ্রেণির ক্লাস নিতে যান শিক্ষক অরিজিৎ দাস অধিকারী। সৃজিতা, পৃথা, দেবস্মিতারা তাঁর কাছে দরবার করে, ‘ও স্যর, সুরজিৎ মিষ্টি না খেয়ে পেনসিল বক্সে রেখে দিয়েছে।’ ‘স্যর’-এর প্রশ্নের উত্তরে সুরজিৎ বলে, ‘বাড়িতে ছোট ভাই আছে। ওকে না দিয়ে এই মিষ্টি আমি একা খেতে পারব না।’

তখনই জানা যায়, শুধু মিষ্টি-ই নয়, মিড-ডে মিলে ডিম রান্না হলেও সে ডিম না খেয়ে লুকিয়ে বাড়ি নিয়ে যায় ভাইয়ের জন্য! যা শুনে চোখ ছলছল করে ওঠে শিক্ষকেরও।

সবং ৫ নম্বর মণ্ডলের সভাপতি কমল খাটুয়া এ দিন পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে মিষ্টি ও ছ’টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ফল বিতরণ করেন। মিড-ডে মিলের শেষে সেই মিষ্টি পড়ুয়াদের পাতে তুলে দেন আশাপুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।’

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুপম বেরা বলেন, ‘ভাবতেই ভালো লাগছে, ছোট্ট একটি ছেলের মধ্যে ভাইয়ের প্রতি এত টান। ঘটনার পরে আমরাও খোঁজ নিয়ে দেখেছি, সুরজিৎ গরিব কৃষক পরিবারের সন্তান। তাই ভালো কিছু খাবার হলেই ভাইকে না দিয়ে খেতে পারে না। আমরা চাই, প্রতি স্কুলে এমন ছাত্র তৈরি হোক। ঘরে ঘরে তৈরি হোক এমন ভাই-বোন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *