ব্ল্যাক রাইস থেকে মাখানা, প্রধানমন্ত্রীর পরামর্শে ডায়েটে রাখতে পারেন কোন কোন ৭ সুপারফুড?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে দেশীয় খাবার, শস্য ও ফলের উপকারিতা নিয়ে কথা বলেছেন। কখনও তিনি মাখানাকে ‘সুপারস্ন্যাক’ বলেছেন, আবার কখনও অ্যাভোকাডো চাষিদের প্রশংসা করেছেন।

তাঁর কথায় বার বারই উঠে এসেছে এমন বেশ কিছু খাবারের নাম, যেগুলি পুষ্টিগুণে সমৃদ্ধ। খাবারগুলি যেমন ভিটামিনে সমৃদ্ধ, তেমনি এগুলি চাষে স্থানীয় কৃষকরাও বেশ লাভবান হতে পারে। আপনিও তাই ডায়েটে রাখতে পারেন এই খাবারগুলি। কী কী রয়েছে এই তালিকায়?

সি বাকথর্ন
২০২৬ সালের গোড়ায় একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সি বাকথর্নের উপকারিতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের মতে, এই গাছের বিভিন্ন অংশ রক্তচাপ, জ্বর, টিউমার ও কিডনিতে পাথরের মতো সমস্যায় উপকারী হতে পারে। সর্দি-কাশি ও ঠান্ডাজনিত সমস্যাতেও এটি ব্যবহার করা যায়। এর ফলে ভিটামিন C রয়েছে, যা খুবই উপকারী।

মাখানা
মাখানাকে প্রধানমন্ত্রী প্রায়ই ‘সুপারস্ন্যাক’ হিসেবে উল্লেখ করেন। এতে প্রোটিন রয়েছে, ক্যালোরি তুলনামূলক ভাবে কম এবং এটি জাঙ্ক ফুডের স্বাস্থ্যকর বিকল্প হতে পারে। মাখানা ক্যালশিয়ামে সমৃদ্ধ। তাই হাড়ের জন্য উপকারী। পাশাপাশি কিডনি ও হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের ক্ষেত্রেও এটি সহায়ক বলে মনে করা হয়। বিহারে সবচেয়ে বেশি মাখানার চাষ হয়। তাই মাখানার চাহিদা বাড়লে বিহারের কৃষকরাও উপকৃত হবেন বলেও তিনি বলেছেন।

মিলেট
রাগি, জোয়ার ও বাজরার মতো মিলেট বহু প্রাচীনকাল থেকেই ভারতে চাষ হয়ে আসছে। ২০২৩ সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে পালন করার ক্ষেত্রেও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ফাইবার ও নানা পুষ্টি উপাদানে সমৃদ্ধ এই শস্য খুবই উপকারী।

সজনে
সজনে পাতার পরোটা খেতে পছন্দ করেন প্রধানমন্ত্রী। সজনে পাতায় আয়রন, ক্যালশিয়াম ও অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। তাই সাধারণ খাবারের সঙ্গে সজনে পাতা যোগ করলে তার পুষ্টিগুণ বাড়ে।

ব্ল্যাক রাইস
মণিপুর ও ওডিশার কালো চাল চাষিদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। অ্যান্থোসায়ানিন নামে এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট পাওয়া যায় এই চালে। যা হজমশক্তি, রক্তে শর্করা নিয়ন্ত্রণ এবং হার্টের জন্য বেশ উপকারী।

ভাকরি-ডাল
গুজরাটের ঐতিহ্যবাহী খাবার ভাকরি-ডাল। জোয়ার বা বাজরার আটার তৈরি ভাকরির সঙ্গে ডাল খেলে প্রোটিন ও আয়রনের জোগান মেলে। এটি সুস্বাদু ও পুষ্টিকর একটি সম্পূর্ণ খাবার।

অ্যাভোকাডো
২ সেপ্টেম্বর একটি ইনস্টাগ্রাম পোস্টে প্রধানমন্ত্রী জানান, ভারতীয় অ্যাভোকাডো ক্রমশ জনপ্রিয় হচ্ছে। একসময় এই ফল সম্পর্কে খুব কম মানুষ জানতেন এবং এর চাহিদাও ছিল কম। এখন তা দেশের নানা প্রান্তের খাবারের টেবিলে জায়গা করে নিচ্ছে। পাশাপাশি প্রিমিয়াম ফুড মার্কেটেও এর জনপ্রিয়তা বাড়ছে।

তবে এর পাশাপাশি প্রধানমন্ত্রী শরীরচর্চার পরামর্শও দিয়েছেন। তিনি যোগ ব্যায়ামকে প্রতিদিনের রুটিনে একটি অপরিহার্য অংশ বলে বারংবার তাঁর নানা বক্তৃতায় বলেছেন।