‘সাহস না থাকলে চলে যান’, স্পষ্ট বার্তা মমতার - 24 Ghanta Bangla News
Home

‘সাহস না থাকলে চলে যান’, স্পষ্ট বার্তা মমতার

Spread the love

এই সময়: ‘আসল তৃণমূল’ কারা, তা নিয়ে জোড়াফুলের কালীঘাট শিবির ও বিরোধী শিবিরের মধ্যে টানাপড়েন গড়িয়েছে নির্বাচন কমিশনের দুয়ারে। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তা, তৃণমূলের যে নেতা–কর্মীদের সাহস নেই, তাঁরা সরাসরি বিজেপিতে চলে যেতে পারেন। একই সঙ্গে বিদ্রোহী শিবিরে যে সাংসদ–বিধায়করা নাম লিখিয়েছেন, তাঁদের আর কোনও দিন কালীঘাট ফেরত নেবে না— খোলাখুলি এই সিদ্ধান্তও জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে তৃণমূল ভেঙে খানখান হয়ে গিয়েছে। কলকাতায় মেয়ো রোডে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী বিধায়ক এবং দিল্লিতে রাজঘাটে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে বিদ্রোহী সাংসদরা ২১ জুলাই উদযাপন করেছেন। মঙ্গলবার বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে ২১ জুলাইয়ের সভায় মমতা কী বলেন, সেই দিকে তাকিয়ে ছিলেন তৃণমূলের নিচুতলার কর্মী–সমর্থকরা। এ দিন সকাল ১০টা থেকে ক্যাথিড্র্যাল রোড ভরিয়ে দিয়েছিলেন মমতার অনুগামী বহু কর্মী–সমর্থক। দূরদূরান্ত থেকে অনেকেই নিজেদের উদ্যোগে হাজির হয়েছিলেন সমাবেশে। এই কর্মী–সমর্থকদের উদ্দেশে মমতা বলেন, ‘যদি সাহস থাকে, আমার সঙ্গে থাকবেন। যদি সাহস না–থাকে, বিজেপি স্পনসরড টিমে না–থেকে সরাসরি বিজেপিতে চলে যান।…বিজেপির নকল পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান। আমার আপত্তি নেই। যত যাবে খুশি হব, সেই জায়গা পূরণের জন্য পুরোনো কর্মী থেকে শুরু করে নতুন ছাত্র–যুবরা আছেন।’

মমতা বোঝাতে চেয়েছেন, এই মুহূর্তে কালীঘাটের পাশে থাকতে হলে দলের নেতা–কর্মীদের গ্রেপ্তারির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলে যেতে হতে পারে। মার খাওয়ার আশঙ্কাও রয়েছে। মানসিক জোর না–থাকলে এই লড়াই করা সম্ভব নয়। ভোটের ফল প্রকাশের পরে তৃণমূলের নেতা–কর্মীদের বিরুদ্ধে ১৪ হাজার মামলা হয়েছে বলেও কালীঘাট শিবিরের অভিযোগ। এই পরিস্থিতিতে যাঁদের লড়াই করার সাহস নেই, তাঁদের এখনই দলনেত্রী সরে যাওয়ার বার্তা দিয়েছেন বলে মমতা–ঘনিষ্ঠ নেতাদের বক্তব্য।

ক্যাথিড্রাল রোডে কালীঘাট শিবিরের ২১ জুলাইয়ের সভায় যে কর্মী–সমর্থকরা এসেছিলেন, তাঁদেরও অনেককে খোলাখুলি বিদ্রোহী শিবিরের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে। মমতার ভাষণের আগে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, প্রতিমা মণ্ডলরাও যখনই বিদ্রোহী শিবিরের বিরুদ্ধে সরব হয়েছেন, উপস্থিত জনতা হাততালির ঝড় তুলেছে। অভিষেক তাঁর ভাষণে বিদ্রোহীদের আর দলে ফেরত না নেওয়ার জন্য অনুরোধ করেন তৃণমূলনেত্রীকে। নিচুতলার কর্মী–সমর্থক থেকে শুরু করে অভিষেক, কল্যাণ–সহ নেতাদের এই মুড দেখে মমতা ঘোষণা করেন, ‘এত ভোগী? ফল বেরোনোর পরে দু’মাস সহ্য করতে পারলেন না? আমরা বেঁচে গিয়েছি, চোরগুলো বিজেপিতে চলে গিয়েছে। এদের একদম নেব না।’

বিদ্রোহী শিবিরে যে বিধায়ক–সাংসদরা চলে গিয়েছেন, মমতা তাঁদের ‘চোরে’র তকমা দেওয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রী গেরুয়া শিবিরের সমালোচনার মুখে পড়েছেন। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগে থেকেই জানতেন, এরা চোর ছিল, তা হলে তিনি কোনও ব্যবস্থা নেননি কেন? এদেরই তো আদর–যত্ন করে এতদিন পাশে নিয়ে ঘুরেছেন। ওঁর এই সব কথা শুনে মানুষ হাসছে।’ শমীক এই খোঁচা দিলেও ঋতব্রতর নেতৃত্বে বিদ্রোহী শিবির তৈরির নেপথ্যে অন্য ছক রয়েছে বলে কালীঘাট শিবির মনে করছে। মমতার কথায়, ‘কেন বি–টিম রেখেছে? দিল্লির নেতারা ঠিক করে কে কী হবে? যদি সরিয়ে দেয়, তা হলে এই বি–টিম তখন সাপোর্ট দেবে।’

আগামী দিনে দলে যে আরও ভাঙনের সম্ভাবনা রয়েছে, সেটা কালীঘাটের অজানা নয়। সেই কারণে এ দিনই প্রথম মমতাকে ‘আসল তৃণমূল জি়ন্দাবাদ’ স্লোগান তুলে কর্মী–সমর্থকদের উদ্দেশে বলতে হয়েছে, ‘আসল তৃণমূল আমরাই, নতুন করে বলার দরকার নেই। সাইনবোর্ড টাঙিয়ে দিলেই অস্তিত্ব রক্ষা হয় না। ওটা বিজেপির সাইনবোর্ড। যাঁরা আমার সঙ্গে থাকবেন ভালো, যাঁরা থাকতে চান না ঘরে বসে থাকুন। নতুন কমিটি করব। নেতারা গিয়েছেন, কর্মীরা যাননি। যাঁরা লড়াকু সৈনিক, তাঁরা আছেন।’

যদিও কালীঘাট শিবির এখনও নিশ্চিত নয়, নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কাদের ‘প্রকৃত তৃণমূলের’ স্বীকৃতি দেবে। সুপ্রিম কোর্ট পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়ার আশ্বাসের পাশাপাশি বিকল্প রাস্তাও যে তিনি খোলা রাখছেন, তা বুঝিয়ে দিয়েছেন মমতা। তৃণমূলনেত্রীর কথায়, ‘তুমি প্রতীক কাড়বে? আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। আমি দলের ফাউন্ডার, তোমরা প্রতীক কাড়তে পারো না। যদি কাড়ো, তোমাদের সব কেড়ে নেব। সব থেকে বড় কথা, মানুষ যেটা গ্রহণ করে সেটাই দলের প্রতীক হয়।’

২১ জুলাইয়ের এই সভার পরে জেলায় জেল‍ায় সভা করার পরিকল্পনাও করেছেন মমতা। জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমি জেলায় জেলায় বেরবো, আপনারা থাকবেন তো?… পুলিশের পিছনে পিছনে গিয়ে লাভ হবে না। ওরা বাঁ দিকে গেলে, আমি ডান দিকে যাব। ওরা ডান দিকে গেলে, বাঁ দিকে আন্দোলন হবে। যেখানে আটকাবে, সেখানে বসব।… নবান্ন অভিযান, লালবাজার অভিযান হবে।’ ভোটে ভরাডুবির আড়াই মাসের মাথায় ক্যাথিড্র্যাল রোডের এই সভা থেকে তৃণমূল সমর্থকদের উদ্দেশে মমতাকে একাধিকবার বলতে শোনা যায়, ‘তিল ধারণের জায়গা নেই। যে যেখানে রয়েছেন, সেখানে দাঁড়িয়ে থাকুন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *