নিষিদ্ধ বন্যপ্রাণীর কেনাবেচা বন্ধে গ্যালিফ স্ট্রিটে অভিযানের নির্দেশ, হাইকোর্টের সুয়ো মোটো মামলা
প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের প্রথম নির্দেশ, রবিবার ভোরে বসা গ্যালিফ স্ট্রিটের হাটে বৈধ পোষ্যের আড়ালে টিয়া, পাহাড়ি ময়না, চন্দনার মতো সংরক্ষিত প্রজাতির পাখি বিক্রি কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। বাজার চত্বরে পুলিশের কঠোর নজরদারি এবং সংশ্লিষ্ট আধিকারিকদের পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, হাইকোর্টের আগের নির্দেশ মতো নিষিদ্ধ বন্যপ্রাণী ও পাখির চোরা কারবার রুখতে রাজ্য পুলিশ কী কী পদক্ষেপ করেছে, তার বিস্তারিত রিপোর্ট দিতে হবে। আবার জেলা আদালতগুলিতে বন্যপ্রাণী আইনের ধারায় কত মামলা জমে রয়েছে, সেই ব্যাপারে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও আগামী দিনে রিপোর্ট দিতে হবে ডিভিশন বেঞ্চে।