টিফিন খরচের টাকা বাঁচিয়ে নেপাল বন্যাত্রাণে সাহায্য খড়্গপুরের স্কুলের পড়ুয়াদের
হড়পা বানে বিধ্বস্ত হয়েছে নেপাল। সেই খবর চোখে পড়েছিল পশ্চিম মেদিনীপুরের বাড়বাঁশী হাইস্কুলের ছাত্রছাত্রীদেরও। তখনই ‘কিছু করতে হবে’ বলে ভেবেছিল তারা। সেই ভাবনা থেকেই বন্যাত্রাণে সাহায্য করার ভাবনা আসে তাদের মাথায়। কিন্তু টাকা কোথা থেকে আসবে? সেই প্রশ্নের উত্তরও বার করে নিজেরাই। নিজেদের টিফিনের খরচ বাঁচিয়ে ওই সাহায্য তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সেই মতো সংগ্রহ করা হয় অর্থ। নিজেদের টিফিনের খরচ থেকে টাকা বাঁচিয়ে নেপালের জন্য ১০ হাজার টাকা আর্থিক সাহায্য পাঠিয়েছে তারা।