অযোধ্যায় বাবার স্মরণে ধর্মশালা, ১৫ কোটির জমিতে বিশ্বমানের স্মারক গড়ছেন অমিতাভ - 24 Ghanta Bangla News
Home

অযোধ্যায় বাবার স্মরণে ধর্মশালা, ১৫ কোটির জমিতে বিশ্বমানের স্মারক গড়ছেন অমিতাভ

Spread the love

অযোধ্যায় কেনা আনুমানিক ১৫ কোটি টাকার বিশেষ জমিতে প্রয়াত পিতা তথা বিশিষ্ট কবি ডঃ হরিবংশ রাই বচ্চনের স্মরণে একটি বিশাল স্মারক ধর্মশালা নির্মাণের পরিকল্পনা করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। অযোধ্যা ডেভেলপমেন্ট অথরিটি (ADA)-র কাছে ইতিমধ্যেই ২০টিরও বেশি ঘর বিশিষ্ট এই ধর্মশালার নকশা ও ব্লু-প্রিন্ট অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে।

অযোধ্যার রাম মন্দির দর্শনে আসা পুণ্যার্থীদের থাকার সুব্যবস্থা করতেই বিগ বি-র এই বিশেষ উদ্যোগ। অযোধ্যার দশরথ পথ (Dashrath Path) সংলগ্ন বিখ্যাত ‘দ্য সরযূ’ (The Sarayu) প্রজেক্টে এই জমিটি কেনা হয়েছে। অযোধ্যা ডেভেলপমেন্ট অথোরিটির ভাইস চেয়ারম্যান অনুরাগ জৈন জানিয়েছেন, ধর্মশালার আবেদন পাওয়ার পরে নিয়ম অনুযায়ী ১৫ দিনের একটি পাবলিক নোটিশ দেওয়া হয়েছে। সমস্ত আইনি প্রক্রিয়া ও নকশার ছাড়পত্র মিললে চলতি বছরের অক্টোবর মাসেই নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, হিন্দি সাহিত্যের অন্যতম সেরা কবি ও অনুবাদক ছিলেন হরিবংশ রাই বচ্চন। তারঁ বিখ্যাত সৃষ্টিগুলোর মধ্যে একটি হলো ১৯৩৫ সালের কালজয়ী কাব্যগ্রন্থ ‘মধুশালা’। এ ছাড়া শেক্সপিয়ারের একাধিক নাটকের হিন্দি অনুবাদ করেছেন তিনি। সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য তিনি পদ্মভূষণ সম্মানেও ভূষিত হন। অমিতাভের মা তেজী বচ্চন ছিলেন একজন বিশিষ্ট সমাজকর্মী, থিয়েটার শিল্পী এবং ‘ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশন অব ইন্ডিয়া’-র ডিরেক্টর।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের ব্লগ পোস্ট ঘিরে ছড়িয়ে পড়া অবসরের গুজব খারিজ করেছেন ৮৩ বছর বয়সি এই অভিনেতা। তিনি স্পষ্ট জানান, তাঁর ব্লগে ‘time to retire’ লেখার অর্থ ছিল রাতে ঘুমোতে যাওয়া, অভিনয় থেকে অবসর নেওয়া নয়! বর্তমানে অমিতাভ বচ্চন টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’ সঞ্চালনা করছেন। এ ছাড়া আগামীতে তাঁকে নাগ অশ্বিনের সুপারহিট ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ (Kalki 2898 AD)-র সিক্যুয়েলে প্রভাস ও কমল হাসানের সঙ্গে মূল ভূমিকায় দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *