পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, সেই জলিলের জামিন
অভিযোগ, করণদিঘি ব্লকের বাজারগাঁও-২ পঞ্চায়েতের বাঘরই গ্রামের জলিলকে ১৯ জুন রাতে বাড়ির দাওয়ায় ঘুমিয়ে থাকাকালীন ‘বাংলাদেশি’ সন্দেহে ডালখোলা থানার পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। বাড়ির লোককে ঘুম থেকে তুলে জানানোর প্রয়োজনটুকুও বোধ করেনি পুলিশ। আইন শিকেয় তুলে সরকারি ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ কর্মসূচিতে যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে বাংলাদেশে চালান করে দেওয়াই ছিল প্রশাসনের লক্ষ্য। সেই লক্ষ্যে পরিবারের অজ্ঞাতসারে প্রথমে তাঁকে ফুলবাড়ি হোল্ডিং সেন্টার ও পরে চাকুলিয়ার নিজামপুর ডিটেনশন ক্যাম্পে রাখা হয়। পরিবার বিভিন্ন জায়গায় ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নিয়ে ছোটাছুটি করতে থাকায় শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই গত ২২ জুলাই ইসলামপুর আদালতে তাঁকে ‘অনুপ্রবেশকারী’ সাজিয়ে হাজির করে পুলিশ। আদালত জেল হেফাজতে পাঠায়।