বিল ২০০০ পেরোলেই জুড়বে ‘এক্সট্রা’ চার্জ, কার ঘাড়ে পড়বে চাপ? - 24 Ghanta Bangla News
Home

বিল ২০০০ পেরোলেই জুড়বে ‘এক্সট্রা’ চার্জ, কার ঘাড়ে পড়বে চাপ?

Spread the love

এই সময়: ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (ইউপিআই) প্ল্যাটফর্মে চার্জ (ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট) চাপানোর কথা অবশেষে জানিয়েই দিল নরেন্দ্র মোদী সরকার। পুজোর ঠিক মুখে, আগামী ১৫ অক্টোবর থেকে দোকানে গিয়ে ইউপিআই প্ল্যাটফর্মে ‘স্ক্যান-ট্যাপ-পে’র উপর ৪০ বেসিস পয়েন্ট (০.৪%) চার্জ কার্যকর হতে চলেছে। তবে তা কার্যকর হবে একলপ্তে ২,০০০ টাকার বেশি পেমেন্ট-এর ক্ষেত্রে। এত বড় পেমেন্ট হয় কম, তবুও ইনফর্মেশন এর স্বার্থে জেনে রাখুন, ৭৫,০০০ টাকার উপরে যে কোনও অঙ্কের ইউপিআই-এর ক্ষেত্রে এমডিআর-এর ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়েছে ট্র্যানজ়াকশন পিছু ৩০০ টাকায়।

বোঝার সুবিধার্থে গোদা বাংলায় ধরে নিন, শপিং মলে গিয়ে পুজোয় পুরো পরিবারের জন্য জামাকাপড় কেনার পর ১০,০০০ টাকার কোনও বিল যদি আপনি ১৫ অক্টোবর বা তারপরে ইউপিআই করে পেমেন্ট করতে চান, তা হলে ০.৪% হিসেবে, ৪০ টাকা সংশ্লিষ্ট দোকানদারকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) খাতে দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। যা আপনার পেমেন্ট সার্ভিস প্রোভাইডিং ব্যাঙ্ক (অ্যাক্সিস-ইয়েস-এসবিআই ইত্যাদি), এনপিসিআই-সহ প্ল্যাটফর্মের বাকিদের মধ্যে ভাগ হয়ে যাবে। তবে এই ৪০ টাকা দোকানদার তাঁর বিক্রয়মূল্যের মধ্যে ‘হিডেন কস্ট’ হিসেবে ধরে নিয়ে আগেভাগেই দাম (এমআরপি) বাড়িয়ে দেবেন কি না, সে বিষয়ে দেবা ন জানন্তি, কুতো মনুষ্যাঃ।

ইউপিআই এমডিআর, সেটা আবার কী?

এমডিআর হলো এমন একটি ফি (বা চার্জ) যা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ডিজিটাল লেনদেন পরিচালনার জন্য ব্যাঙ্ক-পেমেন্ট পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মকে দিতে হয়। এতদিন শূন্য রাখার পর ফের কিছু লেনদেনের ক্ষেত্রে তা কার্যকর করার প্রস্তাবনা করেছে কেন্দ্রীয় সরকার। তবে এমডিআর-এর সঙ্গে দেশবাসীর প্রত্যক্ষ কোনও যোগ নেই। বাজার বিশেষজ্ঞদের দাবি, এ ভাবে বার্ষিক হিসেবে ১৬,০০০ কোটি টাকা আয় হতে চলেছে সংশ্লিষ্ট সবপক্ষের। যা ডিজিটাল লেনদেনের সার্বিক পরিকাঠামো ‘মেনটেন’ করার কাজে লাগাতে পারবে সংস্থাগুিল।

অবশ্য একটা বিষয় মাথায় রাখতে হবে। ক্রেডিট কার্ড-ডেবিট কার্ড বা পেমেন্ট ওয়ালেট এর মতো ইনস্ট্রুমেন্ট-এর ক্ষেত্রে যে হারে এমডিআর কার্যকর হয় দেশে (ক্ষেত্রভেদে ১.৫-২.৫%), তার থেকে অনেক কম হারে (০.৪%) ইউপিআই লেনদেনে কার্যকর হতে চলেছে প্রস্তাবিত এমডিআর।

ফুচকার দাম-অটো ভাড়ায় ইউপিআই’তেও চার্জ চাপবে?

বড় দোকানদার ‘লুকিয়ে’ তার দামের মধ্যে ইউপিআই এমডিআর ধরে নেবেন কি না, সেটা প্রমাণসাপেক্ষ। কিন্তু ইউপিআই স্টিয়ারিং কমিটি তাদের মঙ্গলবারের বৈঠকে একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আমজনতার দোকানে-বাজারে-পথেঘাটে ছোটখাট লেনদেন, পরিভাষায় যাকে ‘পিয়ার-টু-পিয়ার’ পেমেন্ট বলে, তার উপর কোনও চার্জই চাপানো হচ্ছে না। তা সে ২,০০০ টাকার যত বেশিই হোক না কেন। মার্চেন্ট অ্যাকাউন্ট ছাড়া কোনও পেমেন্টের জন্য একটা পয়সাও বাড়তি দিতে হবে না দেশবাসীকে। এ বিষয়ে সন্দেহ-ধন্দ বা ধোঁয়াশার কোনও অবকাশই নেই।

বড় দোকানে ২,০০০ টাকার কম ইউপিআই ‘ফ্রি’ থাকছে?

একদমই। এবং মনে রাখুন খোদ এনসিপিআই-এর পরিসংখ্যানই বলছে, দেশে আমজনতা-দোকানি (পিয়ার-টু-মার্চেন্ট) ইউপিআই লেনদেনের মাত্র ৫% ক্ষেত্রে দু’হাজার টাকা বা তার বেশি অঙ্ক ‘পেমেন্ট’ হয়। ফলে, আমজনতার দৈনন্দিন জীবনের কেনাকাটায় বিশেষ প্রভাব পড়বে না বলেই মত বিশেষজ্ঞমহলের।

বন্ধুবান্ধব বা কাউকে ইউপিআই করলে চার্জ লাগবে?

প্রত্যেক ইন্ডিভিজ্যুয়াল অ্যাকাউন্ট হোল্ডার-এর মধ্যে হওয়া সমস্ত ইউপিআই লেনদেন, তা সে যে অঙ্কেরই হোক না কেন, তাতে কোনও চার্জ চাপানোর প্রস্তাবনা করেনি ইউপিআই স্টিয়ারিং কমিটি। ফলে নিজেদের মধ্যে করা যে কোনও পেমেন্টে (এমনকী নিজের দু’টি অ্যাকাউন্টে সেলফ ট্র্যান্সফার) আগের মতোই সম্পূর্ণ ‘ফ্রি’ থাকছে।

ধরা যাক, পরিবারের কাউকে টাকা পাঠাচ্ছেন, বা বন্ধুদের সঙ্গে কোনও বিল শেয়ার করে পেমেন্ট করছেন—এ সব ক্ষেত্রে করা সব লেনদেনই আগের মতোই ‘ফ্রি’ থাকছে।

ইউপিআই অ্যাপ প্ল্যাটফর্মে চার্জ চাপছে?

না। যে পেমেন্ট অ্যাপ্লিকেশন প্ল্যাটফর্ম (অ্যাপ) এর মাধ্যমে আপনি লেনদেন করছেন, কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তের জন্য তারা আলাদা করে কোনও ‘প্ল্যাটফর্ম ফি’ আপনার উপরে চাপাতে পারবে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশিকা সংশ্লিষ্ট সবপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। দেশের সমস্ত ইউপিআই অ্যাপ কর্তৃপক্ষ গ্রাহকের ইউপিআই পেমেন্ট-এর জন্য কোনও চার্জ চাপাতে পারেন না কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে।

মার্চেন্ট আউটলেটে বড় পেমেন্টে খরচ কার বাড়ল?

বলা শক্ত। বিশেষজ্ঞদের একাংশের দাবি, এখনও অনেক মার্চেন্ট আউটলেটে ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে হলে যেমন ২-২.৫% এক্সট্রা দিতে হয়, তেমনই ১৫ অক্টোবরের পর মার্চেন্ট ইউপিআই এমডিআর যে বিক্রেতা মুখ বুজে নিজেদের লাভের অংশ থেকে দেবেন না, তা বোঝা শক্ত নয়। সেক্ষেত্রে প্রস্তাবিত চার্জ তারা নিজেদের পণ্য-পরিষেবার প্রিন্টেড প্রাইস-এ যোগ করে দেবে। এতে চার্জের একটা বড় অংশ দিতে হবে ক্রেতাকেই। ফলে কার্যক্ষেত্রে পকেট থুড়ি কপাল ফাটবে আমআদমিরই।

প্ল্যান-বি’ও ভাবা শুরু হয়ে গিয়েছে। ২০০০ টাকার উপর পেমেন্টে এমডিআর চাপিয়ে দিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে বড় পেমেন্ট এক লপ্তে না করে সর্বাধিক ১,৯৯৯ টাকার কয়েক কিস্তিতে পেমেন্ট করেও চার্জ এড়ানোর পথে হাঁটতে পারে অনেকে।

ওটিটি/এসআইপি’র ইউপিআই রেকারিং পেমেন্ট-এ চার্জ চাপছে?

না। গ্রাহকের সমস্ত অটোমেটেড রেকারিং স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন, যাকে পরিভাষায় ‘ইউপিআই ম্যান্ডেট’ বা ‘অটোপে’ বলা হয়ে থাকে, আগামী দিনেও তা আগের মতোই এমডিআর-মুক্ত থাকছে। মাসকাবারি ইউটিলিটি যে সব বিলে আপনি ইউপিআই-এর মাধ্যমে ‘ইউপিআই ম্যান্ডেট’ দিয়ে রাখেন প্রত্যেক মাসে নির্দিষ্ট দিনে পেমেন্ট হয়ে যাওয়ার জন্য, তার কোনওটির জন্যই কোনও চার্জ বৃদ্ধি হবে না সাম্প্রতিক সিদ্ধান্তে।

সব মিলিয়ে একটা বিষয় পরিষ্কার। মার্চেন্টদের উপর যে হারেই চার্জ চাপুক না কেন, ‘বড়’ লেনদেনে ‘ব্যথা’ যে ক্রেতার উপরে একদমই আসবে না, সেটা হলফ করে বলা শক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *