কখনও ঠাম্মির কোলে, কখনও কাকার কাঁধে, কী ভাবে পালন হলো গৌরব-ঋদ্ধিমা পুত্র ধীরের জন্মদিন?
দেখতে দেখতে তিন বছরে পা দিল গৌরব ও ঋদ্ধিমার পুত্র ধীর। তার ছোট্ট ছোট্ট পায়ের ছাপ, নানা বিষয়ে মতামত, অফুরন্ত প্রশ্ন, ভুবনভোলানো হাসি, হঠাৎ নেচে ওঠা, চারচাকা গাড়ির প্রতি ভালোবাসা, হাতির প্রতি অদম্য আকর্ষণ থেকে মুহূর্তে বাবা-মায়ের গোটা পৃথিবী বদলে দেওয়া। ছেলের বড় হওয়ার সঙ্গে জুড়ে থাকা একঝাঁক স্মৃতি ভাগ ঋদ্ধিমার।
অভিনেত্রী লিখেছেন, ‘ধীর, তুমি আমাদের জীবনে এসে সবকিছুকে আরও প্রাণবন্ত, চমকপ্রদ করে তুলেছ। তুমিই আমাদের শিখিয়েছ যে ভালোবাসা খুঁজে পাওয়া যায় খুব ছোট ছোট বিষয়ের মধ্যে। ঘুমের ঘোরে জড়িয়ে ধরায়, আমাদের হাত ধরার জন্য ছোট্ট হাতগুলো বাড়িয়ে দেওয়ায়, তোমার স্পর্শ, পাশের ঘর থেকে ভেসে আসা তোমার হাসি, আর সেই ‘এটাই শেষ বার’ বলে আবদার করায়, যা শেষ পর্যন্ত আরও দশ বার করার অনুরোধে গিয়ে ঠেকে। এত প্রাণবন্ত ভাবে তোমায় বেড়ে ওঠা দেখাটা আমাদের জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চকর অভিজ্ঞতা। যদিও মাঝে মাঝে সেই ছোট্ট শিশুটির কথা খুব মনে পড়ে, তবুও তোমার ভবিষ্যতের প্রতিটি রূপ দেখার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
গৌরব ও ঋদ্ধিমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হওয়া থেকে বিনোদনের একমাত্র সঙ্গী ধীর। তাই তার বেড়ে ওঠা এক দিকে যেমন আনন্দের, তেমনই ছোটবেলাটা যেন খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে তার। ধীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাই ঋদ্ধিমা লেখেন, ‘এ ভাবেই প্রাণখুলে হাসতে থাকো, ভালোবাসায় ভরিয়ে দাও, হাজারও প্রশ্ন করো, রাস্তায় চলতে চলতে গাড়ি আর হাতি খুঁজে বেড়াও। আর কোনও দ্বিধা ছাড়াই নিজের মতো করে বাঁচো। আমরা তোমাকে কতটা ভালোবাসি, তা বলে বোঝাতে পারব না।’