Pakistani Gangster: পাকিস্তানি গ্যাংস্টারের ভাই ধরা পড়ল কলকাতায়! বিমানবন্দরে টানটান উত্তেজনা, কীভাবে ধরা হল তাঁকে? | Pakistani Gangster’s Brother Arrested from Kolkata Netaji Subash Chandra Bose Airport, where he was eloping
কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টারের ভাই।Image Credit: PTI
কলকাতা: কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাকিস্তানি গ্যাংস্টার প্রিন্স খানের ভাই। পলাতক গ্যাংস্টার প্রিন্স খানের ভাই বান্টি খানকে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ডের ধানবাদ পুলিশ। অভিযানে সহযোগিতা করে কলকাতা পুলিশ।
সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভাই প্রিন্স খানের তোলাবাজির চক্রে বান্টি যুক্ত ছিলেন বলে অভিযোগ পুলিশের। তাঁর বিরুদ্ধে অপহরণ-খুন ও তোলাবাজির অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, প্রায় চার বছর জেলে ছিল বান্টি। চলতি বছরের জানুয়ারি মাসেই জামিনে মুক্তি পান বান্টি। এর আগে ২০২২ সালের মার্চে উত্তর প্রদেশের একটি রেলস্টেশন থেকে বান্টি ও তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করেছিল পুলিশ।
কবে, কোথা থেকে গ্রেফতার?
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় পাকিস্তানি গ্যাংস্টারের ভাই বান্টি খানকে। রবিবার রাতে কলকাতা পুলিশের সহায়তায় ধানবাদ পুলিশ বান্টিকে গ্রেফতার করে। এরপর তাঁকে ধানবাদে নিয়ে যায়। ধানবাদের এসএসপি প্রভাত কুমার জানান, ব্যাঙ্ক মোড় থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বান্টিকে তাঁর গোপন আস্তানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বান্টি খান জাল পাসপোর্ট-সহ অন্যান্য নথি ব্যবহার করে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর লক্ষ্য ছিল বিদেশে থাকা ভাই প্রিন্স খানের কাছে পৌঁছনো। প্রিন্স খানের বিরুদ্ধে ধানবাদ ও আশপাশের এলাকার ব্যবসায়ীদের হুমকি, তোলাবাজি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
পুলিশের এক আধিকারিক জানান, প্রিন্স খানকে ঘিরে মানুষের মধ্যে যে আতঙ্ক রয়েছে, তা দূর করার পাশাপাশি আইন নিজের হাতে তুলে নিলে কাউকেই ছাড় দেওয়া হবে না—এই বার্তা দিতেই বান্টিকে শহরের রাস্তায় নিয়ে যাওয়া হয়।