Oracle Job Cuts: ভোর ৬টায় ইমেল, জানিয়ে দেওয়া হল আর চাকরি নেই, ফের এই সংস্থায় বিপুল ছাঁটাই | Oracle layoffs 2026 employees fired via early morning email as ai spending surges - 24 Ghanta Bangla News
Home

Oracle Job Cuts: ভোর ৬টায় ইমেল, জানিয়ে দেওয়া হল আর চাকরি নেই, ফের এই সংস্থায় বিপুল ছাঁটাই | Oracle layoffs 2026 employees fired via early morning email as ai spending surges

Spread the love

নয়া দিল্লি: ভোর তখন ৬টা। কেউ তখন ঘুমে আচ্ছন্ন, কারও আবার হয়তো সদ্য ঘুম ভেঙেছে। আবার কেউ অফিস যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ঠিক তখনই মোবাইলে একটা নোটিফিকেশন। একটা ছোট্ট ইমেল। যা দেখে পায়ের তলা থেকে মাটি সরে যেতে পারে। গতকাল রাতেও যে অফিসে গিয়ে কাজ করেছেন, হঠাৎ ভোরবেলা যদি জানতে পারেন আজ থেকে সেই অফিসের দরজা বন্ধ, তাহলে কেমন লাগবে? ঠিক এই পরিস্থিতিরই সম্মুখীন হয়েছেন ওরাকল (Oracle)-এর কর্মীরা।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-তে বিপুল বিনিয়োগ করছে ওরাকল (Oracle Layoff)। ডেটা সেন্টারের পরিকাঠামো সম্প্রসারণেও খরচ হচ্ছে হাজার হাজার কোটি টাকা। আর তার মধ্যেই ফের কর্মী ছাঁটাই শুরু করল সংস্থাটি। রিপোর্ট অনুযায়ী, সোমবার থেকে নতুন করে ছাঁটাই শুরু হয়েছে। ভোরবেলা ই-মেল পাঠিয়ে একাধিক কর্মীকে জানিয়ে দেওয়া হয়েছে, সংস্থার বৃহত্তর সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে ছাঁটাইয়ের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যদিও নতুন দফায় ঠিক কতজন কর্মীর চাকরি যাচ্ছে, সেই সংখ্যা এখনও প্রকাশ করেনি ওরাকল।

ভোরের ই-মেলেই চাকরি শেষ!

রিপোর্ট অনুযায়ী, ই-মেলে জানানো হয়েছে, ‘বৃহত্তর সাংগঠনিক পরিবর্তন’-এর অংশ হিসেবে তাঁদের চাকরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে দিন কর্মীদের ছাঁটাইয়ের নোটিস দেওয়া হয়েছে, সেটিই তাঁদের শেষ কর্মদিবস হিসেবেও নির্ধারণ করা হয়েছে বলে দাবি।

তবে ওরাকল-এ নতুন করে কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা নিয়ে আগের থেকেই জল্পনা চলছিল। গত মাসেই একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, এআই পরিকাঠামো তৈরির বিপুল খরচ সামলানোর পাশাপাশি বেতন বাবদ খরচ কমাতে আরও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে সংস্থা। এবার সেই আশঙ্কাই সত্যি হতে শুরু করেছে।

AI-তে বিপুল বিনিয়োগ 

একদিকে কর্মী ছাঁটাই, অন্যদিকে এআই ও ক্লাউড পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা সামলাতে ডেটা সেন্টারের পরিকাঠামোয় বিপুল বিনিয়োগ করছে ওরাকল। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে সংস্থার মূলধনী ব্যয় হয়েছে ২৮.৫ বিলিয়ন ডলার। এক বছর আগে একই সময়ে এই খাতে খরচ হয়েছিল ৮.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে তিন গুণেরও বেশি হয়েছে ব্যয়। চলতি অর্থবর্ষে মোট ৯০ থেকে ৯৫ বিলিয়ন ডলার মূলধনী ব্যয়ের পূর্বাভাসও অপরিবর্তিত রেখেছে সংস্থা।

এক বছরে কমেছে ২১ হাজার কর্মী

এটাই অবশ্য ওরাকল-এর প্রথম কর্মী ছাঁটাই নয়। ২০২৬ অর্থবর্ষে সংস্থার বিশ্বব্যাপী কর্মীসংখ্যা প্রায় ২১ হাজার কমেছে। শতাংশের হিসাবে যা প্রায় ১৩ শতাংশ। ২০২৬ সালের ৩১ মে শেষ হওয়া অর্থবর্ষে সংস্থার কর্মীসংখ্যা দাঁড়িয়েছিল প্রায় ১ লক্ষ ৪১ হাজার। এক বছর আগে যা ছিল প্রায় ১ লক্ষ ৬২ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *