লেখা, রেকর্ডিং থেকে শুটিং, মাত্র ২৪ ঘণ্টায় তৈরি হয়েছে গণেশ চতুর্থীর এই গান, শুনেছেন?
দেশজুড়ে মহা ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। টলিউড, বলিউড তারকারাও উদযাপন করছেন এই বিশেষ দিন। চলতি বছর গণেশ চতুর্থীর এই বিশেষ দিন উপলক্ষে গায়িকা নীতি মোহন একটি নতুন গান প্রকাশ করেছেন। যেটি মাত্র ২৪ ঘণ্টায় তৈরি করা হয়েছিল। যা রীতিমতো ভাইরাল।
নীতি মোহন গণেশ চতুর্থীতে তাঁর নতুন গান ‘বাপ্পা ঘর আয়ে’ নামে ইউটিউবে একটি গান রিলিজ় করেছেন। রবিবার ১৩ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পাওয়া গানটি ইতিমধ্যেই সুপারহিট। এমন সাফল্য প্রসঙ্গে নীতি জানান, ‘বাপ্পা ঘর আয়ে’ গানটির জার্নি মাত্র এক দিনের। ২৪ ঘণ্টার মধ্যেই এমন উপহার তিনি গণপতির জন্য তৈরি করেছেন।
নীতি আরও বলেন, ‘এক দিন সকালে বসে গানটি প্রথমে লেখা হয়, তার পরে সে দিনই রেকর্ড করা হয়। মিউজ়িক ভিডিয়োটির শুটিংও হয় ওই একই দিনে। অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে সবটা করা হয়েছিল। এটা আমাদের জন্য একটা অলৌকিক ঘটনার মতো। জীবনে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে, যার জন্য খুব বেশি চিন্তা বা পরিকল্পনার প্রয়োজন হয় না। শুধু সেগুলোকে ঘটতে দিতে হয়, তা হলে এমনিতেই সব কিছু সঠিক সময়ে ঘটে যায়। এই গানটির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। এত অল্প সময়েই এমন একটি বিশেষ গান তৈরি হয়ে গেল, এটা অবিশ্বাস্য।’
গায়িকা আরও জানান, যখনই তিনি গণপতি বাপ্পার জন্য গান গাওয়ার সুযোগ পান, তিনি বিষয়টিকে ‘আশীর্বাদ’ বলেই মনে করেন। ‘বাপ্পা ঘর আয়ে’ গানটিতে ঢোল, বাঁশির মতো বাদ্যযন্ত্রের সংযোজন, বিষয়টিকে আরও জমকালো করে তুলেছে। ইউটিউব চ্যানেল ‘নীতি মোহন’-এ শোনা যাবে এই গণেশ বন্দনা। গানটির সুর করেছেন শান লোচন সিং এবং কথা কনিষ্ক সাহার লেখা।