বিজেপিতে যোগ দিচ্ছেন এনসিপিআই সাংসদরা? কী জানালেন শমীক ভট্টাচার্য
কলকাতা: তৃণমূল ছেড়ে তৈরি হওয়া নতুন রাজনৈতিক দল এনসিপিআই (NCPI)-এর ১৭ জন সাংসদের ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জল্পনা জোরালোভাবে খারিজ করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি…
কলকাতা: তৃণমূল ছেড়ে তৈরি হওয়া নতুন রাজনৈতিক দল এনসিপিআই (NCPI)-এর ১৭ জন সাংসদের ভারতীয় জনতা পার্টিতে যোগদানের জল্পনা জোরালোভাবে খারিজ করে দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার সাম্প্রতিক দাবিকে উড়িয়ে দিয়ে শমীক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওই সাংসদরা বিজেপিতে যোগ দিচ্ছেন না, তাঁরা শুধুমাত্র এনডিএ (NDA) জোটের শরিক হিসেবে রয়েছেন।
সম্প্রতি কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া একটি বেসরকারি সংবাদমাধ্যমে দাবি করেছিলেন যে, ৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়ে এনসিপিআই-এর বাকি ১৭ জন সাংসদ খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন। তাঁর এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির অবস্থান স্পষ্ট করলেন শমীক ভট্টাচার্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সভাপতি বলেন, “মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপিকে ক্ষমতায় এনেছে। তৃণমূলের অত্যাচার মানুষ ভুলে যায়নি। এখন কিছু সাংসদ মিলে একটি নতুন দল তৈরি করেছেন এবং সেই দল এনডিএ-কে সমর্থন জানিয়েছে। আমরা তাঁদের সেই সমর্থনকে স্বাগত জানিয়েছি। তবে তাঁরা বিজেপিতে যোগদান করেননি। তাঁরা এনডিএ-এর শরিক হিসেবে আছেন। পশ্চিমবঙ্গে বিজেপি একার শক্তিতে লড়াই করে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়েছে।”
উল্লেখ্য, এর আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা রাজ্যসভার তিন সাংসদ, সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক এবং সুস্মিতা দেবকে দলে অন্তর্ভুক্ত করেছিল বিজেপি। তবে তাঁরা প্রত্যেকেই প্রথমে উচ্চকক্ষের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তবেই ঘাসফুল শিবির ছেড়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছিলেন। এই তিন নেতার দলবদল প্রসঙ্গে শমীক ভট্টাচার্য জানান, সেটা ছিল দলের সর্বসম্মত সিদ্ধান্ত। কিন্তু তার অর্থ এই নয় যে এক ধাক্কায় ১৭ বা ২৩ জন সাংসদকে দলে নেওয়া হচ্ছে।
Advertisements
এদিকে জগদীশ বসুনিয়া দাবি করেছিলেন যে, আবু তাহের ও খলিলুরের মতো সংখ্যালঘু সাংসদরা এলাকার রাজনৈতিক সমীকরণের কারণে সরাসরি বিজেপিতে নাম না লেখালেও এনডিএ-কে সমর্থন জানাবেন এবং তাঁদের বিভিন্ন দফতর দেওয়া হতে পারে। কিন্তু খোদ রাজ্য সভাপতির এই স্পষ্ট বার্তার পর এনসিপিআই সাংসদদের দলবদল নিয়ে সমস্ত জল্পনা আপাতত জল ঢেলে দিল রাজ্য বিজেপি নেতৃত্ব।
রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে ২৫২ বেআইনি মাদ্রাসা! নির্দেশ পশ্চিমবঙ্গ সরকারের
বাংলায় মহাকাশ বিজ্ঞানের নয়া দিগন্ত! মালদায় গড়ে উঠবে দেশের নিজস্ব স্পেস সেন্টার