গোকুলামে খেলতে চলেছেন মাকান, আইএসএল ছেড়ে নতুন চ্যালেঞ্জ
সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। আসলে খেলোয়াড়দের বেতন সমস্যার পাশাপাশি ইনভেস্টার ইস্যু নিয়ে ডামাডোল পরিস্থিতি…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan SC)। আসলে খেলোয়াড়দের বেতন সমস্যার পাশাপাশি ইনভেস্টার ইস্যু নিয়ে ডামাডোল পরিস্থিতি দেখা দিয়েছিল ক্লাবের অন্দরে। যার প্রভাব এসে পড়েছিল দল গঠনের ক্ষেত্রে। তাই ভারতীয় ফুটবলারদের উপর নির্ভর করেই হয়েছিল দল গঠন। তাদের নিয়েই সীমিত শক্তিতে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে লড়াই করেছিল ব্ল্যাক প্যান্থার্সরা। যারফলে আটকে যেতে হয়েছিল একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে। জয়ের দেখা মেলেনি বলাই চলে। যেটা নিঃসন্দেহে হতাশাজনক ছিল সমর্থকদের কাছে।
এমন পরিস্থিতিতে ক্লাবের কর্মকর্তাদের উপর ক্ষোভ উগড়ে দিতে দেখা গিয়েছিল সাদা-কালো সমর্থকদের একটি অংশকে। এমনকি উত্তপ্ত হয়ে উঠেছিল ক্লাব চত্বর। তবে সময়ের সাথে সাথেই বদলাতে শুরু করে পরিস্থিতি। গত বেশ কয়েক মাসের মধ্যেই আমূল বদল এসেছে সাদা-কালো তাঁবুতে। বিশেষ করে ওয়াসিম আক্রমের ফিরে আসার পর থেকেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছিল সমর্থকরা। তবে এসবের মাঝেই ব্যান ইস্যু বারংবার প্রভাব ফেলছে প্রত্যেক ক্ষেত্রেই। তবু ঘুরে দাঁড়াতে মরিয়া রেড রোডের এই ফুটবল ক্লাব।
এসবের মাঝেই সাদা-কালো ব্রিগেড ছেড়ে গোকুলাম কেরালা এফসিতে যোগদান করেছেন মাকান চোথে (Makan Chothe)। উল্লেখ্য , গত ২০২৪-২০২৫ মরসুমে হায়দরাবাদ এফসি থেকে যোগদান করেছিলেন কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধানে। গতবার ও যখন সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করে গিয়েছেন বছর ছাব্বিশের এই মনিপুরী উইঙ্গার। তবে এবার আইএসএল ছেড়ে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগে ফিরলেন এই ফুটবলার।