EX CM Mamata Banerjee: ‘নেব না, একদম নেব না’, অভিষেকের অনুরোধে সিলমোহর মমতার | “I won’t take them—absolutely not.” Mamata endorses Abhishek’s call regarding dissenters
কলকাতা: তৃণমূলের দড়ি টানাটানি, ছন্নছাড়া একুশে জুলাই। ‘আমরা-ওরা’ সংঘাতের মধ্যেই হচ্ছে দু’ দু’টো সভা। বিড়লা তারামণ্ডলের সামনে তৈরি মঞ্চ থেকেই এবার একেবারে রণংদেহী মেজাজে বিজেপির তুলোধনা করতে দেখা গেল মমতাকে। তুলোধনা বিদ্রোহী শিবিরেরও। কথা রাখলেন অভিষেকেরও। বিদ্রোহীদের নিয়ে বলে দিলেন বড় কথা। প্রসঙ্গত, এদিনই মঞ্চে উঠে বিজেপি থেকে শুরু করে বিদ্রোহীদের লাগাতার তুলোধনা করতে দেখা যায় অভিষেকই। কোনওভাবেই যাতে বিদ্রোহীদের আর দলে ফেরত না নেওয়া হয় সেই দাবি করেন খোদ নেত্রীর কাছে। শেষ পর্যন্ত মঞ্চেই সেই অনুরোধ রাখলেন মমতা।
এদিন মঞ্চ থেকেই বিদ্রোহীদের আবারও বিজেপিতে যেতে বললেন মমতা। তাঁর সাফ কথা, “নকল বেড়াল তপস্বী না হয়ে, বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান।” এরপরেই আবার স্বভাবসিদ্ধ ঢঙে বলে ওঠেন, “আমরা বেঁচে গিয়েছি। চোরগুলো বিজেপিতে চলে গিয়েছে। না, নেব না। একদম নেব না। আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই তখনই থামবে যখন দেখব আপদ গুলো বিদায় নিয়েছে। ”
অন্যদিকে খোঁচা দিতে ছাড়ছে না ঋতব্রত শিবিরও। বারবার খোঁচা দিতে দেখা গিয়েছে এককালে মমতার ছায়াসঙ্গী মদন মিত্রকেও। অভিষেককে দুষে তীব্র কটাক্ষের সুরেই বলেন, “মমতার ক্ষমতা থাকে তো হেঁটে আসুন। কেউ ডিম ছুঁড়বে না। আপনি আসুন। একবারও দলের কথা ভাবলেন না? অভিষেক এক ঘন্টা টাইম দিয়েছে আপনি অভিষেকের হাত ছেড়ে দিন আমরা আপনার সঙ্গে আছি।”