দিনহাটায় দম্পতির দেহ উদ্ধার, নিখোঁজ ছেলে ঘিরে রহস্য
দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় একই বাড়ি থেকে দম্পতির দেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়াল। মৃতদের নাম সুকুমার বর্মন ও তাঁর স্ত্রী চম্পা রায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে সুকুমারের মেজো মেয়ে টুম্পা তাঁর মাকে ফোন করেন। কিন্তু বেশ কয়েক বার ফোন করেও সাড়া না মেলায় সন্দেহ হয় তাঁর। বাড়ি কাছাকাছি হওয়ায় তিনি তাঁর বড় ছেলেকে দিদা-দাদুর খোঁজ নিতে পাঠান। বাড়িতে পৌঁছে ওই কিশোর দেখতে পায়, বাড়ির মূল গেট এবং ঘরের দরজা খোলা। ভিতরে ঢুকে মেঝেতে দাদু ও দিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে বিষয়টি তার মাকে জানায়।