সন্ত্রাসবাদী হামলা বা প্রধানমন্ত্রীর ক্ষতির ছক নয়, ভুয়ো PMO পরিচয়পত্র তৈরির পিছনের আসল কারণ প্রকাশ্যে - 24 Ghanta Bangla News
Home

সন্ত্রাসবাদী হামলা বা প্রধানমন্ত্রীর ক্ষতির ছক নয়, ভুয়ো PMO পরিচয়পত্র তৈরির পিছনের আসল কারণ প্রকাশ্যে

Spread the love

জঙ্গি হামলা বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষতি করার উদ্দেশ্য ছিল না। বরং ‘প্রেম’-এর কারণেই নাকি ভুয়ো PMO পরিচয়পত্র তৈরি করিয়েছিলেন অভিযুক্ত। মুম্বইয়ে ভুয়ো PMO ID ব্যবহার করে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছে তা বলিউড স্ক্রিপ্টকেও হার মানবে। বাগদত্তা এবং তাঁর পরিবারের কাছে নিজের ‘দর’ বাড়াতেই নাকি নিজেকে প্রধানমন্ত্রীর দপ্তরের (PMO) আধিকারিক হিসেবে দেখাতে চেয়েছিলেন ২৪ বছরের রোহন পারেখ। বাগদত্তার চোখে নিজের ‘দাপট’ বাড়ানোর উদ্দেশ্যেই তৈরি করেছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের ভুয়ো PMO পরিচয়পত্র! মুম্বইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুষ্ঠানের আগে ভুয়ো পরিচয়পত্র নিয়ে নিরাপত্তা বলয় পেরোনোর ঘটনায় গ্রেফতার রোহনকে ঘিরে তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে।

৮ সেপ্টেম্বর মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড প্লাজার কাছে রোহনকে আটক করে পুলিশ। তাঁর সঙ্গে ছিলেন দেহরক্ষী দিলীপ কুন্ডে। তাঁর কাছে একটি আগ্নেয়াস্ত্রও মেলে। রোহন নিজেকে PMO-র আধিকারিক বলে পরিচয় দেন এবং মোবাইলে একটি পরিচয়পত্র দেখান। পরে যাচাই করে পুলিশ জানতে পারে, সেটি ভুয়ো। ঘটনায় নিরাপত্তা নিয়ে ব্যাপক সতর্কতা তৈরি হয়।

কেন বানিয়েছিলেন ভুয়ো PMO আইডি?

তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রোহনের উদ্দেশ্য ছিল নিজের সামাজিক মর্যাদা এবং প্রভাব সম্পর্কে বাগদত্তা ও তাঁর পরিবারের কাছে একটি ‘বিশেষ উচ্চ’ ধারণা তৈরি করা। তিনি নিজেকে PMO-র সঙ্গে যুক্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন বলেই তদন্তে উঠে এসেছে।

ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে হামলা বা নাশকতার কোনও যোগ এখনও পাওয়া যায়নি। বরং তদন্তে ব্যক্তিগত সম্পর্ক এবং বাগদত্তাকে ইমপ্রেস করার বিষয়টিই গুরুত্ব পাচ্ছে।

শুধু ভুয়ো পরিচয় নয়, ঘটনার দিন প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের বিলাসবহুল সামগ্রী কেনার তথ্যও তদন্তে উঠে এসেছে। পুলিশের সন্দেহ, বাগদত্তাকে উপহার দেওয়ার জন্যই ওই বিপুল টাকা খরচ করেন অভিযুক্ত। ফলে ভুয়ো PMO পরিচয় এবং বিপুল খরচ— দুই বিষয়ই খতিয়ে দেখা হচ্ছে।

AI দিয়ে তৈরি হয়েছিল ভুয়ো আইডি?

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তদন্তকারীদের সন্দেহ, রোহন ২০২৫ সালে AI-ভিত্তিক কোনও টুল ব্যবহার করে ভুয়ো PMO পরিচয়পত্র তৈরি করেছিলেন। অর্থাৎ, প্রযুক্তির সাহায্যে সরকারি পরিচয়পত্রের মতো দেখতে নকল নথি তৈরি করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল তথ্য পরীক্ষা করছেন তদন্তকারীরা।

দেহরক্ষী রাখার নির্দেশও কি ছিল?

রোহনের সঙ্গে যে দিলীপ কুন্ডে ছিলেন, তাঁকেও পুলিশ গ্রেপ্তার করেছে। তাঁর কাছেই ছিল আগ্নেয়াস্ত্র। তদন্তে জানা গিয়েছে, রোহন তাঁকে ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছিলেন। এমনকী তাঁকে SPG-র সঙ্গে যুক্ত বলে দাবি করা হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে, যদিও বাস্তবে সেই দাবির সত্যতা পাওয়া যায়নি। রোহনের পরিবারের তরফে ওই দেহরক্ষীকে মাসে প্রায় ৯০ হাজার টাকা দেওয়া হতো বলে তদন্তকারীদের হাতে তথ্য এসেছে।

PM-এর অনুষ্ঠানে ঢোকার পরিকল্পনা ছিল?

প্রাথমিক ভাবে ঘটনাটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুম্বই সফরের সঙ্গে যুক্ত বলে মনে হলেও পুলিশ পরে জানিয়েছে, ঘটনার সঙ্গে প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানের সরাসরি কোনও যোগ পাওয়া যায়নি। রোহন জিও ওয়ার্ল্ড প্লাজায় ব্যক্তিগত কাজে গিয়েছিলেন বলে তাঁর আইনজীবী আদালতে দাবি করেছেন। সেখানে নিরাপত্তারক্ষীরা তাঁর দেহরক্ষীর কাছে বন্দুক দেখতে পেয়ে বাধা দেন। তখনই রোহন মোবাইলে ভুয়ো PMO পরিচয়পত্র দেখান এবং তাতেই বাড়ে সন্দেহ।

রোহনের আইনজীবীর অবশ্য পাল্টা দাবি, তাঁর মক্কেল নিজেও একটি বড় প্রতারণার শিকার। তাঁর বক্তব্য, ‘তরুণ কাপুর’ বা ‘গুপ্তা’ নামে এক ব্যক্তি রোহনকে ২০২৪ সালের ডিসেম্বরে PMO-র একটি উপদেষ্টা পদে নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন এবং ওই ভুয়ো পরিচয়পত্রের ছবিও পাঠিয়েছিলেন। এই দাবি কতটা সত্য, তা তদন্ত করছে পুলিশ।

এখন তদন্তকারীদের নজরে মূলত তিনটি বিষয়—কে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছিল, রোহনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল এবং এই ঘটনায় আর কেউ জড়িত কি না। এই মামলায় পলাতক এক অভিযুক্তেরও খোঁজ চলছে। রোহন ও দিলীপকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনাটি খতিয়ে দেখছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *