East Bengal:'আপনাদের ম্যানেজমেন্টকে ধিক্কার...', ইস্টবেঙ্গলকে কেন হঠাৎ তোপ দাগলেন প্রাক্তন কোচ অস্কার ব্রুজো? | Oscar Bruzon Sparks Fresh East Bengal Controversy With Strong Remarks Against Club - 24 Ghanta Bangla News
Home

East Bengal:’আপনাদের ম্যানেজমেন্টকে ধিক্কার…’, ইস্টবেঙ্গলকে কেন হঠাৎ তোপ দাগলেন প্রাক্তন কোচ অস্কার ব্রুজো? | Oscar Bruzon Sparks Fresh East Bengal Controversy With Strong Remarks Against Club

Spread the love

কলকাতা: ইস্টবেঙ্গল ক্লাব থেকে অনেকদিন আগেই সরে গিয়েছেন অস্কার ব্রুজো। তবে ইস্টবেঙ্গল যে এখনও তাঁর মননেই রয়ে গিয়েছে, তা বেশ বোঝা যায়। কোচ থাকার সময় বারবার ক্লাবকে নিয়ে কথা বলেছেন অস্কার। এমনকি, ক্লাবের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাঁর সম্পর্ক যে অম্লমধুর ছিল, তা বোঝা যেত সেই সময়ে। কিন্তু এবার ক্লাব ছাড়ার পরও ক্লাবকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন অস্কার। কিন্তু এবার কাহিনী বেশ সিরিয়াস।

সম্প্রতি ব্রুজো ও ইস্টবেঙ্গল দলের একটি ফ্যান ক্লাব QEBNA-র মধ্যেই একটি ঝামেলা চলতে থাকে। ফ্যান ক্লাবের তরফ থেকে অস্কারকে ব্যঙ্গ করে একটি পোস্ট করা হয়। এর প্রতিবাদে অস্কার সেই পোস্টের কমেন্ট বক্সে গিয়ে লেখেন, “আপনাদের ম্যানেজমেন্টকে ধিক্কার। সব সমর্থকরা জানেন যে আপনাদের অ্যাজেন্ডা, ডাবল স্ট্যান্ডার্ড ও ভাবনা সম্পর্কে কেমন। ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করতেই আপনারা এই কাজ করছেন। QEBNA-র নেপথ্যে আপনারা রয়েছেন।”

Xza

QEBNA (Quess East Bengal News Analysis) আসলে একটি লাল-হলুদ সম্পর্কিত ফ্যান ক্লাব। কোয়েস যখন লাল-হলুদের স্পনসর ছিল, খুব সম্ভবত তখন বানানো হয়েছিল এই পেজটি। এখান থেকেই অস্কার সম্বন্ধে কিছু আপত্তিজনক পোস্ট করা হয়েছিল। এরপরেই চুপ থাকেননি অস্কারও। তিনিও ওই পেজের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন। তিনি সন্দেহ প্রকাশ করে জানান যে এই পেজটি আসলে ক্লাবের সঙ্গে যুক্ত কেউ চালান। যদিও, এই বিতর্কের পরেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবও।

বিবৃতি দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব জানিয়েছে, কিছু ব্যক্তির দ্বারা সোশ্যাল মিডিয়াতে ইস্টবেঙ্গলের নাম ব্যবহার করে প্রাক্তন কোচ অস্কারকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। অস্কারের প্রতি ক্লাব গভীরভাবে কৃতজ্ঞ ও তাঁর অবদান ক্লাব মনে রাখবে। ব্রুজো কিভাবে দল বা খেলোয়াড় নির্বাচন করতেন, সেই নিয়েও ক্লাব আগ্রহী নয়। এমনকি কোনও সমর্থক যেন এই জাতীয় প্ররোচনাতে পা না দেন, সেই অনুরোধও করা হয়েছে ইস্টবেঙ্গলের তরফে। সুতরাং, শেষ হইয়াও হইল না শেষ-এর মতো আবার লাল-হলুদে ফিরল অস্কার বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *