মানুষ নয়, এ বার রোবটরাই পথে ! চাকরি বাঁচাতে মিছিলে হাঁটল ‘যন্ত্রমানুষ’

রাস্তায় মিছিল। হাতে পতাকা, মুখে স্লোগান, সামনে পুলিশ ও প্রশাসনের লোকজন। সবই স্বাভাবিক। কিন্তু একটু ভালো করে তাকাতেই চোখ কপালে! মিছিলের বেশির ভাগ সদস্য মানুষ নয়, রোবট! চাকরি বাঁচাতে এ বার মানুষের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে সামিল রোবটরাই।

ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে। গত ৭ সেপ্টেম্বর ৩০টি হিউম্যানয়েড এবং কুকুরের মতো দেখতে চার পা-ওয়ালা রোবট হাজির হয়েছিল সেখানকার ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রকের সামনে।

কেউ পতাকা নাড়ছে, কেউ গোল হয়ে হাঁটছে, আবার কেউ লাউডস্পিকারে স্লোগান দিচ্ছে। স্লোগানের তালিকাতেও ছিল বেশ চমক—‘কর্মক্ষেত্র রক্ষা করুন’, ‘Defend Workplaces’, ‘Regulate AI Now’। কিন্তু এই প্রতিবাদ?

রোবটদের চাকরি হারানোর ভয়!
রোবটরা নিজেরা চাকরি হারানোর ভয় পেয়েছে—বিষয়টা তেমন নয়। বরং AI এবং রোবটের কারণে ভবিষ্যতে মানুষের চাকরি হারানোর আশঙ্কা নিয়ে যাতে সেখানকার সরকার আরও বেশি সচেতন হয়, তার জন্য একটি প্রতিবাদ কর্মসূচি।

এই মিছিলের আয়োজন করেছিল ‘Democratism’ নামে একটি সংস্থা। আয়োজকদের বক্তব্য, রোবটকে দিয়েই প্রতিবাদ করানোর লক্ষ্য হলো, মানুষকে বোঝানো—AI এবং রোবট আর ভবিষ্যতের কল্পবিজ্ঞান নয়। তারা ইতিমধ্যেই আমাদের চারপাশে চলে এসেছে। শুধু তাই নয়, তারাই সমাধান করছে জটিল সব অঙ্কের ফর্মুলা থেকে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ।

মন্ত্রীর কাছেও গেল ‘রোবট বাহিনী’
তবে শুধু মিছিল করেই কিন্তু এই রোবটরা থেমে থাকেনি, তারা পৌঁছে গিয়েছে মন্ত্রীর দোরগোড়ায় পর্যন্ত। প্রতিবাদের খবর পেয়ে পোল্যান্ডের ডিজিটাল অ্যাফেয়ার্স মন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী Krzysztof Gawkowski নিজেই বাইরে এসে আয়োজকদের সঙ্গে কথা বলেন।

আয়োজকদের তরফে তাঁকে সতর্ক করা হয়, লাগামহীন ভাবে AI-এর ব্যবহার এবং ক্রমশ উন্নত হতে থাকা হিউম্যানয়েড রোবট ভবিষ্যতে মানুষের জন্য বিশাল বড় বিপদ ডেকে আনছে।

এই মিছিলে থাকা একটি AI-চালিত রোবট সাংবাদিকদের সঙ্গে কথাও বলেছে। যা দেখে নেটিজ়েনদের অনেকেরই বক্তব্য, এখানে থাকা রোবটগুলিই প্রমাণ করছে যে, এই প্রযুক্তি আর বেশি দূরে নেই।

কী জানিয়েছে সরকার?
পোল্যান্ডের মন্ত্রীও AI-এর ঝুঁকির কথা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, প্রযুক্তি যতই উন্নত হোক, ‘মানুষই সবার আগে’। ইউরোপীয় ইউনিয়নে ইতিমধ্যেই ‘AI Act’ পাস হয়েছে। তা পোল্যান্ডে চালু করার পাশাপাশি AI-এর অপব্যবহার বন্ধ করার জন্য সরকার শীঘ্রই ব্যবস্থা করবে বলেও আশ্বাস দিয়েছেন সে দেশের মন্ত্রী।

তবে আপাতত রোবটরা মিছিল করছে মানুষের চাকরি বাঁচানোর দাবিতে। আর তা দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ার প্রশ্ন করেছেন—ভবিষ্যতে রোবটদের চাকরি নিয়ে যদি সত্যিই সমস্যা হয়, তখন তাদের হয়ে মিছিল করবে কে?