নিম্নচাপ! দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি, উত্তরেও বর্ষণ, জোয়ার-ভাটার সময় জানেন?
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাবে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা খুব বেশি। ফলে পুজোর আগে ফের একবার সক্রিয় হতে চলেছে বঙ্গোপসাগর। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ইতিমধ্যেই একটি মৌসুমি অক্ষরেখা জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই দুই ওয়েদার সিস্টেমের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে।