Ranbir Kapoor: 'রণবীরকে রাম একেবারেই মানায় না!' নীতেশের সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিলেন কে? | 'Cannot Accept Ranbir Kapoor As Lord Ram': Ramanand Sagar's Grandson Sparks Debate - 24 Ghanta Bangla News
Home

Ranbir Kapoor: ‘রণবীরকে রাম একেবারেই মানায় না!’ নীতেশের সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিলেন কে? | ‘Cannot Accept Ranbir Kapoor As Lord Ram’: Ramanand Sagar’s Grandson Sparks Debate

Spread the love

রণবীর কাপুর (Ranbir Kapoor) বলিউডের পর্দায় একের পর এক চমক দেন। কিন্তু রক্তারক্তি আর মারপিটের ‘অ্যানিম্যাল’ ছবির পর তিনি যদি একেবারে শান্ত শিষ্ট ভগবান রামের চরিত্রে আসেন? এই প্রশ্নটাই এবার ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। সেই আগুনেই এবার ঘি ঢাললেন খোদ রামানন্দ সাগরের নাতি শিব সাগর। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি রামের ভূমিকায় রণবীরকে কোনওভাবেই মেনে নিতে পারছেন না!

দূরদর্শনে প্রচারিত ১৯৮৭ সালের সেই বিখ্যাত ‘রামায়ণ’-এর কথা নিশ্চয়ই মনে আছে? যার হাত ধরে ঘরে ঘরে রামের রূপ পৌঁছে গিয়েছিল, সেই ঐতিহাসিক পরিচালক ছিলেন রামানন্দ সাগর। সেই পরিবারেরই বর্তমান সদস্য শিব সাগর সম্প্রতি এই ছবি নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁর কথায়, “শুধু এই একটা নির্বাচন ছাড়া বাকি চরিত্র বাছাইতে আমার কোনও আপত্তি নেই। কিন্তু রণবীরকে আমি কোনওমতেই রাম হিসেবে মানতে পারব না। বিশেষ করে ওঁর ওই ‘অ্যানিম্যাল’ ছবির পর তো একদমই না। রামজির মুখের দিকে তাকালে আমার মনে হয়, ওখানে একেবারে অচেনা বা নতুন কোনও মুখ নেওয়া দরকার ছিল।”

তবে রণবীরের অভিনয় ক্ষমতা নিয়ে কোনও খুঁত ধরেননি তিনি। শিব জানান, ব্যক্তিগতভাবে রণবীরের বিরুদ্ধে ওঁর কোনও রাগ নেই। তিনি দারুণ অভিনেতা। কিন্তু ছবির ব্যবসার কথা ভেবেই হয়তো পরিচালক নীতেশ তিওয়ারি এমন বড় তারকাকে নিয়েছেন। ওঁর মতে, ছবিতে রণবীর না থাকলে হয়তো প্রচারের এত রমরমা হত না। কিন্তু মনের দিক থেকে রামচন্দ্রকে এমন চেনা চেহারায় দেখা তাঁর পছন্দ নয়।

মজার বিষয় হল, আগের এক আলোচনায় এই শিব সাগরই কিন্তু ছবির রূপসজ্জা নিয়ে তারিফ করেছিলেন। তিনি বলেছিলেন, রাবণের ভূমিকায় দক্ষিণী তারকা যশকে দারুণ মানিয়েছে। সীতার চরিত্রে সাই পল্লবী যেভাবে কথা বলেন, তাতে ওঁর বেশ পছন্দ হয়েছে। কিন্তু দিনশেষে রণবীরের নামের পাশে রামের নাম বসাতেই ওঁর যত আপত্তি।

সব ঠিক থাকলে ২০২৬ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই বহু প্রতীক্ষিত ছবির প্রথম ভাগ। আর দ্বিতীয় পর্ব আসবে তার পরের বছর। এখন দেখার, শিব সাগরের এই অসন্তোষের পরেও দর্শকরা রণবীরকে প্রভু রাম হিসেবে কতটা আপন করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *