BJP Leader Show cause: শীর্ষ নেতৃত্বকে উপেক্ষা করে ৪ নেতাকে বহিষ্কার! ডায়মন্ড হারবারের সভাপতিকেই শোকজ করে ‘এক্তিয়ার’ মনে করাল বিজেপি | BJP Diamond Harbour District President Showcaused by Party over Defying Top Leadership
শোকজ করা হল ডায়মন্ড হারবার জেলার বিজেপি সভাপতি সোমা ঘোষকে।Image Credit: TV9 বাংলা
কলকাতা: নিয়ম ভাঙলে কাউকে রেয়াত নয়। আরও একবার তা স্পষ্ট করল রাজ্য বিজেপি। এবার শাস্তির মুখে ডায়মন্ড হারবার জেলার বিজেপি সভাপতি। তাঁকে শোকজ করল রাজ্য বিজেপি নেতৃত্ব। কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?
জানা গিয়েছে, ডায়মন্ড হারবার জেলার বিজেপি সভাপতি সোমা ঘোষকে শোকজ করা হয়েছে রাজ্য বিজেপির তরফে। আগামী সাতদিনের মধ্যে জবাব চেয়েছে নেতৃত্ব। আজ চিঠি দিয়ে শোকজের কথা জানিয়েছেন দলের শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়।
কী অভিযোগ?
সূত্রের খবর, সংবিধান বিরোধী কার্যকলাপ করার জন্য সোমা ঘোষকে শোকজ করা হয়েছে। অভিযোগ, দলীয় নেতৃত্বকে উপেক্ষা করেই সিদ্ধান্ত নিচ্ছেন সোমা ঘোষ। অভিযোগ, দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়াই জেলার চার নেতাকে বহিষ্কার করেন সোমা ঘোষ। তার এই সিদ্ধান্ত দলের সংবিধান বিরোধী। দলের শীর্ষ নেতৃত্বকে অবমাননাকর আচরণ করার জন্যই তাঁকে শোকজ করা হল।
ওই চার নেতাকে কেন দল থেকে বহিষ্কার করা হল, তা আগামী সাতদিনের মধ্যে জানাতে হবে বিজেপি নেত্রী সোমা ঘোষকে। যদি তিনি যথাযথ উত্তর দিতে না পারেন, তাহলে দলের তরফে পরবর্তী পদক্ষেপ করা হবে।
জানা গিয়েছে, যে চার বিজেপি নেতাকে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা ছাড়াই বহিষ্কার করেছেন সোমা ঘোষ, তারা হলেন- রামনগর ২২৭ নম্বর বুথ সভাপতি বিজয় দাস, রামনগর ২২৪ নম্বর বুথ সভাপতি সঞ্জিত শাসমল, ভাদুরা অঞ্চলের বিজেপি নেতা অশোক কর্মকার এবং রামনগর ২৩৭ নম্বর বুথের সভাপতি অমিত সর্দার।
ফলতা বিধানসভার এই চার নেতাকে বহিষ্কারের আগে শীর্ষ নেতৃত্বের কাছে অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ ওই নেত্রীর বিরুদ্ধে।