কলকাতা লিগের সুপার সিক্সে কবে ও কাদের মুখোমুখি হবে East Bengal?
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারের মতো এবারও দুরন্ত ছন্দের মধ্য দিয়ে প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। শেষ কয়েক বছরের মতো এবারও খেতাব…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারের মতো এবারও দুরন্ত ছন্দের মধ্য দিয়ে প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু করেছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। শেষ কয়েক বছরের মতো এবারও খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর ময়দানের এই প্রধান। সেইমতো প্রথম থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল মশাল ব্রিগেড। একের পর এক ম্যাচে সহজেই এসেছিল জয়। কোচ অর্চিষ্মান বিশ্বাসের তত্ত্বাবধানে আগের মতোই লিগের হাইভোল্টেজ ডার্বি ম্যাচে নেমেছিল লাল-হলুদের ছোটরা। যেখানে একটা সময় পিছিয়ে থাকতে হলেও পরবর্তীতে সমতায় ফিরতে খুব একটা সমস্যা হয়নি লাল-হলুদের।
শেষ পর্যন্ত শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের সাথে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দল। পাশাপাশি কলকাতা ফুটবল লিগের গ্রুপ পর্বে অপরাজিত থাকে ইস্টবেঙ্গল। গতকালের ডার্বির পর ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকেই সুপার সিক্স সে জায়গা করেছে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব। তাদের পরেই অর্থাৎ দ্বিতীয় স্থানে থেকেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সামনে এবার চ্যাম্পিয়নশিপের লড়াই। কিন্তু এবার অর্থাৎ সুপার সিক্সে কবে এবং কাদের বিরুদ্ধে লড়াই করবে ময়দানের দুই প্রধান, অবশেষে প্রকাশিত হল সেই সমস্ত ম্যাচ গুলির সময় সূচি।
সেই অনুযায়ী আগামী ১০ই সেপ্টেম্বর ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। যেটি আয়োজিত হবে নিজেদের ক্লাবের মাঠেই। তারপর দিন তিনেক বিশ্রাম নিয়ে ১৪ই সেপ্টেম্বর মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে নামবে দল। তারপর ১৯ তারিখ শেষ ম্যাচ। নিজেদের ঘরের মাঠে সেখানে তাদের খেলতে হবে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে।