Ameesha Hardik: মাহিকা অতীত, আমিশার প্রেমে পড়েছেন হার্দিক? প্রেমের প্রসঙ্গ উঠতেই আমিশা বললেন… | Ameesha Patel Slams Netizen Over Hardik Pandya Dating Rumors After Viral Video
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও আমিশা পাটেল (Ameesha Patel)— সম্প্রতি দুই ভিন্ন জগতের এই দুই তারকাকে এক ফ্রেমে দেখে নেটদুনিয়ায় জোর শোরগোল শুরু হয়েছে। মুম্বইয়ের বিলাসবহুল তাজমহল প্যালেসের এক পার্টিতে মুখোমুখি হন বলিউড অভিনেত্রী ও ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার। সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের একটি ছোট ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু হয় জোর গুঞ্জন।
ভাইরাল হওয়া ক্লিপে দেখা গিয়েছে, হাসিমুখে নিজের বন্ধুদের সঙ্গে হার্দিকের পরিচয় করিয়ে দিচ্ছেন আমিশা। কথা বলার সময় হার্দিকের কাঁধে হালকা হাত রাখতেও দেখা যায় তাঁকে। ব্যস, এই সামান্য দৃশ্য দেখেই এক্স হ্যান্ডলে এক নেটনাগরিক মন্তব্য করে বসেন, পার্টিতে আমিশা যেভাবে হার্দিকের কাঁধে হাত রেখেছেন, তাতে নাকি দুজনের প্রেমের জল্পনাই সত্যি হতে চলেছে। বন্ধুত্বকে সরাসরি প্রেমের তকমা দিয়ে দেওয়ায় বিষয়টি চোখ এড়ায়নি ‘কহো না প্যায়ার হ্যায়’ খ্যাত নায়িকার।
কী বলেছেন অভিনেত্রী?
চুপ না থেকে বিষয়টির কড়া ও ব্যঙ্গাত্মক জবাব দিয়েছেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই ব্যক্তির পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করেন তিনি। কটাক্ষের সুরে আমিশা লেখেন, “হ্যাঁ, একদম ঠিক বলেছেন! আপনি একদম ঠিক ধরেছেন। সত্যিই হার্দিকের গায়ে এভাবে হাত রাখার মধ্যে দারুণ একটা রোম্যান্টিক ব্যাপার ছিল, তাই না?” এর পরেই ট্রোলারকে সোজা পরামর্শ দিয়ে তিনি লেখেন, “আমি আপনাকে চিনি না। তবে এটুকু নিশ্চিত ভাবে বলতে পারি, আপনার জীবনে কোনও মেয়ে বন্ধু নেই। সমাজমাধ্যমে এমন মনগড়া গল্প লেখার আগে আপনার উচিত অন্তত এক জন মেয়েকে বন্ধু বানানো।” নায়িকার এমন মোক্ষম জবাবে মুখে কুলুপ এঁটেছে নিন্দুকদের।

আসলে হার্দিক ও আমিশাকে জড়িয়ে ছড়িয়ে পড়া এই সম্পর্কের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিনেত্রী। নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের প্রায় দু’বছর পর মডেল মাহিকা শর্মার সঙ্গে নতুন ইনিংস শুরু করেন হার্দিক। ২০২৫ সালের ১০ অক্টোবর সমুদ্রসৈকতের একটি ছবি শেয়ার করে হার্দিক নিজেই মাহিকার সঙ্গে প্রেমের সম্পর্কের সিলমোহর দিয়েছিলেন। সেই সম্পর্ক এখনও বহাল তবিয়তে রয়েছে।
অন্যদিকে, ২০২৩ সালে সানি দেওলের বিপরীতে ব্লকবাস্টার ছবি ‘গদর ২’-এর বিরাট সাফল্যের পর আমিশা প্যাটেল এখন নিজের কাজেই বেশি ব্যস্ত। ফলে পার্টিতে বন্ধুদের সঙ্গে হার্দিককে পরিচয় করানোর এক সাধারণ মুহূর্তকে যেভাবে প্রেমে রূপ দেওয়ার চেষ্টা হয়েছিল তাঁর তীব্র প্রতিবাদ করলেন আমিশা।