পদ্ম নেতার নালিশে গ্রেপ্তার তৃণমূল নেতা, হামলার অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

পদ্ম নেতার নালিশে গ্রেপ্তার তৃণমূল নেতা, হামলার অভিযোগ

Spread the love

এই সময়, শ্রীরামপুর: বছর ছয়েক আগে বিজেপি নেতা কবীর শঙ্কর বসুর উপরে হামলার ঘটনায় ফের তৃণমূল নেতা নিমু শীলকে গ্রেপ্তার করল শ্রীরামপুর থানার পুলিশ। শনিবার রাতে শ্রীরামুপুরের দে বাগানের বাড়ি থেকে নিমুকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত নিমু শ্রীরামপুর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ঝুমা শীলের স্বামী। ওই দিন রাতেই ২০১৭ সালের পুরোনো একটি মামলায় শ্রীরামপুরের প্রাক্তন কাউন্সিলার রাজেশ শাহকেও পুলিশ তাঁর শ্রীরামপুরের চটকল লাগোয়া বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ধৃতদের রবিবার শ্রীরামপুর আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। যদিও ধৃতরা দাবি করেছেন, রাজনৈতিক চক্রান্ত করে তাঁদের ফাঁসানো হয়েছে। ২০২০-তে শ্রীরামপুরের ভাগীরথী লেনের একটি বহুতলে ভাড়া থাকছিলেন বিজেপির নেতা, আইনজীবী কবীর শঙ্কর বসু।

অভিযোগ, ওই দিন সন্ধ্যায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের লোকজন তাঁর উপরে চড়াও হয়ে হামলা চালায়। কেন্দ্রীয় বাহিনীর উপরেও পাথর ছোড়া হয়। তাঁকে গভীর রাত পর্যন্ত গৃহবন্দি করে রাখা হয় বলে অভিযোগ দায়ের করেন কবীর। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন করে শ্রীরামপুর থানায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান-সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।

এর পরে নিমু শীলকে গ্রেপ্তার করা হয়। যদিও এ দিন আদালতে যাওয়ার পথে নিমু নিজেকে নির্দোষ বলে দাবি করেন। কবীর বলেন, ‘আমার মামলা এত দিন নেওয়া হয়নি। রাজ্যে পালাবদলের পরে আমি অভিযোগ দায়ের করেছি। বিচারকের সামনে গোপন জবানবন্দি দিয়েছি। শ্রীরামপুর থানার পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। আইন আইনের পথে চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *