Municipal election: সকালে সজলের বাড়িতে শমীকরা, বিকেলে সল্টলেকের অফিসে বৈঠক, পৌরভোটের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি | Kolkata civic polls bjp begins preparations samik bhattacharya meets sajal ghosh
পৌরভোট নিয়ে বৈঠকে বিজেপি নেতৃত্বImage Credit: TV9 Bangla
কলকাতা: পুজোর পরই পৌরভোট হওয়ার কথা। জোর কদমে তাঁর প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসকদল বিজেপি। পৌরভোটের প্রস্তুতিতে দলীয় কমিটিও তৈরি করেছে। নির্বাচন কেন্দ্রিক প্রয়োজনীয় পদক্ষেপ করছেন কমিটির সদস্যরা। এই আবহে রবিবার সকালে কলকাতা পৌরনিগমের প্রাক্তন কাউন্সিলর তথা বিধায়ক সজল ঘোষের বাড়িতে গেলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়, উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষ, বিজেপি নেতা সন্তোষ পাঠক। হঠাৎ সজলের বাড়িতে তাঁদের যাওয়া নিয়ে জল্পনা বেড়েছে। আবার বিকেলে পৌরভোট নিয়ে বৈঠক করেন বিজেপি নেতৃত্ব।
সজল ঘোষ কলকাতা পৌরনিগমের ৫০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। আসন্ন পৌরভোটে কলকাতা পৌরনিগমে বিজেপি জিতলে কে মেয়র হবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। মেয়র হিসেবে আলোচনায় সজলের নামও উঠে আসছে। এই পরিস্থিতিতে এদিন দলের ৩ নেতা-মন্ত্রীকে নিয়ে সজলের বাড়িতে প্রাতঃরাশ করতে পৌঁছে যান শমীক।
সেখানে বেশ কিছুক্ষণ ছিলেন তাঁরা। পরে সজলের বাড়িতে আসা প্রসঙ্গে শমীক বলেন, “নিশ্চয় টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হয়নি। তাপস রায়, তমোঘ্ন ঘোষ ছিলেন।” এই মন্তব্যের পরই রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শমীকের এহেন মন্তব্যেই স্পষ্ট পৌরভোট নিয়ে আলোচনা হয়েছে।
পরে বিকেলে সল্টলেকের বিজেপি দফতরে কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির ইনচার্জ সুকান্ত মজুমদারের উপস্থিতিতে একটি বৈঠক হয়। সেখানে শমীকও যেমন ছিলেন। আবার ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুনাল বনশল। ছিলেন লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত-সহ একাধিক নেতৃত্ব।
এদিন বৈঠকের আগে সুকান্ত বলেছিলেন, “কলকাতা কর্পোরেশনের নির্বাচনের দায়িত্ব আমার উপর দিয়েছে দল। ২০৯টি ওয়ার্ডেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছি। পরবর্তীতে যদি কিছু বদলের প্রয়োজন হয়, তাহলে দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”