ফারাক্কায় রেললাইনের নীচে বড় ধস! ফের বাতিল একগুচ্ছ ট্রেন! চরম দুর্ভোগে যাত্রীরা
কলকাতা: অতিবৃষ্টির জেরে নিউ ফরাক্কায় (Farakka)রেললাইনের নীচে বড়সড় ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রায় ১০০ মিটার…
কলকাতা: অতিবৃষ্টির জেরে নিউ ফরাক্কায় (Farakka)রেললাইনের নীচে বড়সড় ধস নামায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ। নিউ ফরাক্কা স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে আপ লাইনের ট্র্যাকের নীচের মাটি ধসে যাওয়ার পর থেকেই পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছে পূর্ব রেল। তবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গমুখী ট্রেন চলাচলে বড়সড় সমস্যা তৈরি হয়েছে। এর জেরে একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার অতিবৃষ্টির জেরে নিউ ফরাক্কা (Farakka)স্টেশনের কাছে আচমকাই রেললাইনের নীচের মাটি ধসে যায়। ঘটনাটি নজরে আসার পর দ্রুত ওই অংশে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে রেলের ইঞ্জিনিয়ার ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতির কাজ শুরু করেন। মালগাড়িতে করে স্টোনচিপস, পাথর এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এনে ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাটের কাজ চলছে। রেলের কর্মীরা দিনরাত এক করে কাজ করছেন যাতে দ্রুত ট্রেন পরিষেবা স্বাভাবিক করা যায়।
আরও দেখুনঃ রায়গঞ্জ থেকে শিলিগুড়ি! কিষাণগঞ্জকে এড়িয়ে তৈরী হচ্ছে ৪ লেনের নতুন গ্রিনফিল্ড করিডোর
এই ধসের সবচেয়ে বড় প্রভাব পড়েছে আপ লাইনে। অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে যাওয়া ট্রেন চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন বহু যাত্রী। মালদা, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যাঁরা আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলেন, তাঁদের অনেককেই শেষ মুহূর্তে পরিকল্পনা বদলাতে হচ্ছে। অনেকে বাসের দিকে ঝুঁকলেও সেখানেও তৈরি হয়েছে অন্য সমস্যা। অভিযোগ, বাড়তি চাহিদার কারণে বাসের টিকিটের দামও অনেক ক্ষেত্রে বেড়ে গিয়েছে।
Advertisements
পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের তরফেও অতিরিক্ত বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। (Farakka)মুখ্যমন্ত্রী যাত্রীদের দুর্ভোগের কথা মাথায় রেখে প্রয়োজন অনুযায়ী বাড়তি বাস চালানোর কথা জানিয়েছেন। ফলে রেল পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পরিবহণের উপরই অনেকটা নির্ভর করতে হবে যাত্রীদের।
এরই মধ্যে ক্ষতিগ্রস্ত রেলপথের কারণে একাধিক ট্রেন বাতিলের তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল। মালদা ডিভিশনের নিউ ফরাক্কার কাছে ভূমিধসের জেরে ৫ সেপ্টেম্বরের ১৩১৬৪ নম্বর সহরসা–শিয়ালদা হাটে বাজার এক্সপ্রেস বাতিল করা হয়েছে। একই সঙ্গে শিয়ালদা–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, শিয়ালদা–সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস এবং হাওড়া–কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও বাতিল করা হয়েছে।
এছাড়াও হাওড়া–ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, হাওড়া–গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদা–আলিপুরদুয়ার দার্জিলিং মেল, শিয়ালদা–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা–সহরসা হাটে বাজার এক্সপ্রেস, শিয়ালদা–মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদা–বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদা–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস, কলকাতা–যোগবাণী এক্সপ্রেস এবং হাওড়া–কাটিহার এক্সপ্রেস-সহ আরও বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। ফলে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে রেলপথে যাতায়াতকারী সাধারণ মানুষের দুর্ভোগ যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।