ঘরে ঢুকেছে নোংরা জল, বিদ্যুৎ না থাকায় ভোগান্তি - 24 Ghanta Bangla News
Home

ঘরে ঢুকেছে নোংরা জল, বিদ্যুৎ না থাকায় ভোগান্তি

Spread the love

বাসিন্দাদের অভিযোগ, সালকিয়া এলাকায় জল জমার সমস্যা দীর্ঘদিনের। সামান্য বৃষ্টি হলেই সালকিয়ার বহু এলাকায় জল দাঁড়িয়ে যায়। বৃষ্টি থামার পরেও কোনও কোনও সময় এক সপ্তাহ ধরে রাস্তায় জল জমে থাকে। বাড়ি ও দোকানের ভিতরেও জল ঢুকে যায়। দীর্ঘক্ষণ জল জমে থাকার কারণে রাস্তায় শ্যাওলা জমে পথ খুবই পিচ্ছিল হয়ে যায়। তখন চলাচলে সমস্যা হয়। জমা জলের উপর দিয়ে যেতে গিয়ে ভুল করে রাস্তার খানাখন্দে পা দিয়ে অনেকে জখম হন। অনেক সময় টোটো, সাইকেল, বাইক উল্টে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সালকিয়া মেন রোডের বিভিন্ন জায়গায় রাস্তার পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সীতানাথ বোস লেনের ডাম্প ইয়ার্ড ও পিলখানার সামনেও রাস্তার হাল অত্যন্ত খারাপ। ফলে বর্ষায় জমা জলের উপর দিয়ে যেতে রীতিমতো ভয় পাচ্ছেন এলাকার মানুষ। সীতানাথ বোস লেনের বাসিন্দা অমর নায়েক বলেন, ‘বর্ষাকালে আমাদের এলাকায় ড্রেন আর বাড়ি সব একাকার হয়ে যায়। ড্রেনের নোংরা জল ঘরে ঢুকে যাওয়ায়, তা থেকে দুর্গন্ধ ছড়ায়। গত পাঁচদিন ধরে আমরা কার্যত জলবন্দি অবস্থায় দিন কাটাচ্ছি। বন্যা কবলিত আমতা ও উদয়নারায়ণপুরের থেকেও আমাদের পরিস্থিতি আরও খারাপ। একতলার জলের ট্যাঙ্ক, বাড়ির শৌচাগার, রান্নাঘর, সবই জলে ভাসছে। আমাদের যে কী দুর্বিষহ অবস্থা কাউকে বলে বোঝাতে পারব না।’ উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের ব্যাখ্যা, ‘লাগাতার বৃষ্টির কারণেই এ বার এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। দ্রুত জল নামানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। জেলা প্রশাসন ও হাওড়া পুরসভার সঙ্গে সমন্বয় রেখেই কাজ করছি আমরা।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *