সোমে ডার্বি, বারাসতে ট্র্যাফিক নিয়ে বড় আপডেট, স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রেও মানতেই হবে যে নিয়মগুলি…
সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল-মোহনবাগানের ম্যাচ। বারাসত স্টেডিয়ামে এই ম্যাচ হবে। তাই সোমবার দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকছে বারাসতে। বারাসতে ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা। ৬ জন অ্যাডিশনাল এসপি-সহ মোতায়েন থাকবে ১১০০ পুলিশ। থাকবে তিন ধাপে চেকিংয়ের ব্যবস্থা।
৮ বছর পরে বারাসতে ইস্টবেঙ্গল-মোহনবাগান
গত আট বছর কোনও ম্যাচ হয়নি বারাসত স্টেডিয়ামে। একটা বড় সময়ের পরে বারাসতের মাটিতে মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সোমবার বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলা এই হাইভোল্টেজ ডার্বিকে ঘিরে নিরাপত্তায় কোনও রকম ঝুঁকি নিতে নারাজ জেলা পুলিশ প্রশাসন। ম্যাচের নিরাপত্তায় মোতায়েন থাকছে প্রায় ১১০০ পুলিশ কর্মী। তাঁদের মধ্যে থাকছেন ৬ জন অ্যাডিশনাল এসপি পদমর্যাদার আধিকারিক। বারাসত পুলিশ জেলার বাইরে থেকেও অতিরিক্ত পুলিশ কর্মী আনা হচ্ছে বলে জানিয়েছেন এসপি জে মার্সি।
বারাসতে ডার্বির দিন কী কী নিয়ম মানতে হবে?
রবিবার বারাসত ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুলিশ সুপার-সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। দর্শকদের জন্য একাধিক বিধিনিষেধের কথা জানানো হয়েছে। স্টেডিয়ামের ভিতরে কোনওরকম নিষিদ্ধ সামগ্রী নিয়ে প্রবেশ করা যাবে না। দর্শকদের জন্য রাখা হচ্ছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ৩টে থেকেই বিশেষ নিরাপত্তা বেষ্টনী কার্যকর হবে।
স্টেডিয়ামে ঢোকার আগে তিন ধাপে চেকিং
বিকেল ৫টায় শুরু হবে বহু প্রতীক্ষিত ডার্বি ম্যাচ। দুই দলের সমর্থকদের জন্য গ্যালারিতে আলাদা প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। প্রথম স্তরে টিকিট পরীক্ষা করে দর্শক কোন ব্লকে যাবেন, তা ঠিক করা হবে। দ্বিতীয় স্তরে দর্শকদের ব্যাগ ও অন্যান্য সামগ্রী খুঁটিয়ে তল্লাশি করা হবে। এর পরে আয়োজকদের তরফে কিউআর কোড যাচাই করে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
কী কী নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না?
মাঠে জলের বোতল, ছাতা-সহ বিভিন্ন সামগ্রী নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। জলের ব্যবস্থা স্টেডিয়ামের ভিতরেই রাখা হবে। সঙ্গে শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি রয়েছে। দর্শকদের আগেই এই বিধিনিষেধ সম্পর্কে সতর্ক করেছে পুলিশ। পাশাপাশি দুই দলের সমর্থকদের জন্য পৃথক পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।
দুপুর ৩টে থেকে পণ্যবাহী গাড়িতে নিষেধাজ্ঞা
ডার্বির কারণে বিকেল ৩টের পরে বারাসত শহরের ভিতরে পণ্যবাহী যানবাহন প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হবে। তবে তার আগে স্কুলের সময়ে থাকায় স্টেডিয়ামের উল্টোদিকের স্কুলের পড়ুয়াদের নিরাপদে সরিয়ে দেওয়ার পরেই এই বিশেষ ট্র্যাফিক নিয়ন্ত্রণ কার্যকর হয়ে যাবে। স্টেডিয়ামের সামনেও কোনও রকম জমায়েত করতে দেওয়া হবে না।
দর্শকদের প্রবেশের জন্য চারটি গেট রাখা হয়েছে
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তার ক্ষেত্রে কোনও ফাঁক রাখতে চাইছে না জেলা পুলিশ। দুই দলের সমর্থকদের বসার জায়গা, ভিআইপি জ়োন থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতে দর্শকদের কী ভাবে দ্রুত বের করে আনা হবে, তারও পৃথক পরিকল্পনা তৈরি করা হয়েছে। দর্শকদের প্রবেশের জন্য মোট চারটি গেট রাখা হয়েছে। জরুরি পরিস্থিতির জন্য থাকছে আরও দু’টি গেট। মাঠে প্রস্তুত থাকবে অ্যাম্বুল্যান্স এবং মেডিক্যাল টিমও।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তপোক্ত করতে জেলা পুলিশের তরফে ইতিমধ্যেই একটি ম্যাপ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি কোন কোন জিনিস নিয়ে দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না, তারও তালিকা প্রকাশ করা হয়েছে। বারাসত স্টেডিয়ামে ম্যাচের জন্য প্রায় ১০ হাজার টিকিট রাখা হয়েছে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে যাতে কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য আগাম সতর্ক জেলা পুলিশ প্রশাসন। দর্শকদের ট্র্যাফিক নিয়ম ও নিরাপত্তা বিধি মেনে শান্তিপূর্ণ ভাবে খেলা উপভোগ করার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে।